নজরবন্দি ব্যুরোঃ সেপ্টেম্বরে থেকে শুরু হচ্ছে আনলক-৪, খুলে যাচ্ছে অনেক কিছুই কিন্তু কমছেনা দেশে সংক্রমণের হার। প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণ। আক্রান্ত একদিনে ৭৮ হাজার। মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩৬ লক্ষ। যা রীতিমতো আতঙ্কের। এরপর মেট্রো বা লোকাল ট্রেন চালু হলে পরিস্থিতি যে আরও খারাপ হবে সেটা সবাই বুজতে পারছে শুধু সরকার ছাড়া।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তের সংখ্যা কমল ১৫ টি জেলায়। দেখুন সার্বিক পরিসংখ্যান।
২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৭৮ হাজার ৫৫২ জন। সব মিলিয়ে ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬০হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২ জন।মৃত্যু হয়েছে ৯৭১ জনের। সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ৮৬৯ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮০ শতাংশ মানুষের, এদিন পরীক্ষা হয়েছে মোট ৮ লক্ষ ৪৬ হাজার।
যা আগের তুলনায় প্রায় ২ লক্ষ কম। এখনও অবধি মোট ৪ কোটি ১৪ লক্ষ ৬১ হাজার ৬৩৬টি পরীক্ষা হয়েছে।যেভাবে রাজ্যে রাজ্যে সংক্রমিতের সংখ্যা কিছুটা কমে যাওয়ার পর ফের বাড়তে শুরু করেছে, তাতে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের প্রাথমিক পর্যায়েরই ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। বিশেষ করে, গত ১০ দিনে করোনা সংক্রমণের গতিপ্রকৃতি অত্যন্ত উদ্বেগজনক। দেশের বড় ২০ রাজ্যের মধ্যে ১০টিতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের লক্ষণ দেখা যাচ্ছে।
অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, দিল্লি, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে মন্ত্রকের। ওই রাজ্যগুলিতে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়ছে দৈনিক পজিটিভিটি রেট। লক্ষণীয়, সপ্তাহখানেক আগে ৬০ হাজারের মধ্যে সংক্রমিতের সংখ্যা ঘোরাফেরা করলেও এখন দৈনিক সংক্রমণ প্রায় ৮০ হাজারের কাছাকাছি থাকছে।



