সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের প্রেমের গল্প বলিউডে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। একসময় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে মুগ্ধ হয়েছিল গোটা বলিউড। তবে, সেই সম্পর্ক যতটা গাঢ় ছিল, ততটাই তিক্ততার সঙ্গে তা শেষ হয়।
ঐশ্বর্য বর্তমানে অভিষেক বচ্চনের সঙ্গে সুখের সংসার করছেন। অন্যদিকে, সলমন খান ৫৯ বছর বয়সে এসেও সিঙ্গল। যদিও তিনি কখনওই আনুষ্ঠানিকভাবে সিঙ্গল থাকার বিষয়টি নিশ্চিত করেননি, তবে বিয়ের প্রসঙ্গে তাঁর অনাগ্রহ বহুবার স্পষ্ট করেছেন।


সলমন খানের কথায়, প্রেমে লড়াই থাকা অস্বাভাবিক নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন,“লড়াই না থাকলে ভালবাসা কীসের? আমার দিক থেকে পজেসিভনেস কাজ করত, যা ভালবাসা থেকেই আসত।”
সলমন ও ঐশ্বর্যের বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে বলিউডে কান পাতলেই শোনা যায়, তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত। যদিও ঐশ্বর্যের গায়ে হাত তোলার অভিযোগের বিষয়ে কখনও মুখ খোলেননি সলমন, তবে এই সম্পর্কের টানাপোড়েন তিনি অস্বীকার করেননি।
এক সময় শোনা গিয়েছিল, সলমন খান মধ্যরাতে ঐশ্বর্যের বাড়িতে গিয়ে তাঁকে ফেরানোর চেষ্টা করেছিলেন। রাত তিনটের সময় ঐশ্বর্যের বাড়িতে উপস্থিত হয়ে তিনি নিজের জীবন শেষ করার হুমকি দেন। ঐশ্বর্যের বাড়ির কেউ দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়।


এই প্রসঙ্গেই সলমন বলেন,“আমি ওর সঙ্গে সম্পর্কে ছিলাম। পুলিশ আমায় নিষেধ করেছিল ওর বাড়ি যেতে।”
সলমন খান বরাবরই স্পষ্ট কথা বলার জন্য পরিচিত। ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভালবাসার মধ্যে যে লড়াই ছিল, তা তাঁদের সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ।







