‘শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী ভারত’, সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’ ঘিরে ক্ষোভে ফুঁসছে বেজিং— কড়া জবাব দিল দিল্লি

সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ নিয়ে জাতীয়তাবাদ উসকানির অভিযোগ তুলল চিন, শৈল্পিক স্বাধীনতার কথা তুলে কড়া জবাব দিল ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গালওয়ান উপত্যকার সংঘাত ফের উত্তাপ ছড়াল— তবে এবার যুদ্ধক্ষেত্রে নয়, সিনেমার পর্দায়। বলিউড সুপারস্টার সলমন খান-এর বহুচর্চিত দেশাত্মবোধক ছবি ব্যাটেল অফ গালওয়ান-এর টিজার প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখাল চিন। জাতীয়তাবাদ উসকে দেওয়ার অভিযোগ তুলে ভারতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করলেও, পালটা স্পষ্ট বার্তায় দিল্লি জানিয়ে দিল— ভারত শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী, সিনেমা নিয়ে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।

২০২০ সালের রক্তক্ষয়ী গালওয়ান সংঘাতকে কেন্দ্র করে তৈরি এই ছবির টিজার সম্প্রতি নিজের জন্মদিনে প্রকাশ করেন সলমন খান। ভারতীয় সেনার বীরত্বের ঝলক দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠে বেজিং। চিনা সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ছবি নাকি “বিকৃত তথ্যের মাধ্যমে জাতীয়তাবাদী উসকানি” দিচ্ছে এবং চিনা সেনাবাহিনীকে কলঙ্কিত করছে। এমনকি চিনের নেটিজেনদের একাংশও টিজারটিকে ‘অতিনাটকীয়’ বলে কটাক্ষ করেছে।

এই সমালোচনার জবাবে ভারত সরকার সূত্রে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে মতপ্রকাশ ও সৃজনশীলতার স্বাধীনতা সাংবিধানিক অধিকার। সিনেমা সেই স্বাধীনতারই অঙ্গ। সরকার কোনও ছবির বিষয়বস্তু নিয়ন্ত্রণ করে না বা নির্মাণে হস্তক্ষেপ করে না। কারও আপত্তি থাকলে তা প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করা যেতে পারে, কিন্তু ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির সঙ্গে সরকারের প্রত্যক্ষ কোনও যোগ নেই।

‘শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী ভারত’, সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’ ঘিরে ক্ষোভে ফুঁসছে বেজিং— কড়া জবাব দিল দিল্লি
‘শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী ভারত’, সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’ ঘিরে ক্ষোভে ফুঁসছে বেজিং— কড়া জবাব দিল দিল্লি

কূটনৈতিক মহলের মতে, ‘শৈল্পিক স্বাধীনতা’ এবং ‘ফ্রিডম অফ স্পিচ’-এর প্রসঙ্গ টেনে আদতে একনায়কতান্ত্রিক চিনের দিকেই তির ছুড়েছে ভারত। যেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে গণমাধ্যম ও শিল্পচর্চা চলে, সেখানে ভারতের মতো বহুমাত্রিক গণতন্ত্রকে সিনেমার জন্য দোষারোপ করা কার্যত দ্বিচারিতা— এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

টিজারে দেখা গিয়েছে, সেনাবাহিনীর পোশাকে কর্নেল বিকুমল্লা চরিত্রে সলমন খান লাদাখের দুর্গম পাহাড়ে চিনা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। বিরসা মুণ্ডার জয়গান দিয়ে শুরু হওয়া সেই ঝলকে বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনি— সব মিলিয়ে দীর্ঘদিন পরে ‘দাবাং’ মেজাজে ভাইজানকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। রক্তাক্ত মুখ, চোখে প্রতিশোধের আগুন— সেই দৃশ্যই যে বেজিংয়ের অস্বস্তির কারণ, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

এই ছবির পরিচালনায় রয়েছেন অপূর্ব লাখিয়া, যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-র মতো ছবি বানিয়েছেন। সলমনের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিং-কে। মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়া এই ছবি যে আগামী দিনে আরও আলোচনার কেন্দ্রে থাকবে, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন