ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মা এবার অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্টে নতুন কৌশলে মাঠে নামতে চলেছেন। দীর্ঘদিন ধরে ওপেনিংয়ের দায়িত্ব সামলানোর পর এবার হয়তো মিডল অর্ডারে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যাবে এই তারকাকে। অ্যাডিলেডে ভারতীয় দলের প্রস্তুতি সেশন সেই ইঙ্গিতই দিচ্ছে।
পারথে প্রথম টেস্টে রোহিত শর্মা অনুপস্থিত ছিলেন। সেখানে যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলের ওপেনিং পার্টনারশিপ ভারতের হয়ে ২০১ রানের অসাধারণ জুটি গড়ে তোলে। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো রোহিতকে ওপেনিংয়ে ফেরানোর বদলে মিডল অর্ডারে পাঠানোর কথা ভাবছে। রোহিতের টেস্টে সাম্প্রতিক ব্যাটিং গড়: চলতি বছরে টেস্টে ২১ ইনিংসে তাঁর গড় মাত্র ২৯.৪০। মিডল অর্ডারে নামলে তাঁর ব্যাটিংয়ে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


অ্যাডিলেডে ভারতীয় দলের ট্রেনিং সেশনে রোহিত শর্মা নিজের ব্যাটিং কৌশলে পরিবর্তন আনতে মনোযোগী হন। বল ছাড়া ও শরীরের কাছাকাছি খেলায় গুরুত্ব দিয়েছেন। শর্ট বল পেলে পুল শট খেলার প্রস্তুতি নিয়েছেন। দুই দফায় নেটে ব্যাট করে নিজের ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা চালান।
শেষবার রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাট করেছিলেন ২০১৮-১৯ সালের অস্ট্রেলিয়া সফরে। সেই সফরে পাঁচ নম্বরে নামলেও বড় ইনিংস খেলতে পারেননি। অস্ট্রেলিয়ায় তাঁর সর্বোচ্চ রান ৬৩। এবার দেখার, মিডল অর্ডারে ফিরে তিনি তাঁর পুরনো ফর্ম ফিরে পান কি না।
ভারতীয় দল এবার অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলবে গোলাপি বলে। রোহিত শর্মার মিডল অর্ডারে ব্যাটিং টিমের ব্যাটিং গভীরতাকে বাড়িয়ে তুলতে পারে। সেইসঙ্গে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও রাহুলের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে।









