আইপিএলের মাঝেই ইংল্যান্ড টেস্ট সিরিজে নজর রোহিতের, উদ্বেগ বুমরাহ-শামির ফিটনেস নিয়ে

ইংল্যান্ডে কঠিন সিরিজের আগে সতর্ক রোহিত শর্মা, বললেন কিছু খেলোয়াড়ের ১০০% ফিট থাকা অত্যন্ত জরুরি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল ২০২৫-এর উত্তেজনা তুঙ্গে থাকলেও, ভারত অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যেই নজর রেখেছেন আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজে। জুন মাসে পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া লড়বে ইংল্যান্ডের মাটিতে। এই সিরিজে রোহিতের খেলা নিয়ে কিছুদিন আগে প্রশ্ন উঠলেও, তিনি নিজেই সব সংশয় দূর করেছেন এবং জানিয়েছেন সিরিজ নিয়ে তিনি যথেষ্ট ‘সিরিয়াস’।

সম্প্রতি প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের ‘বিয়ন্ড ২৩’ পডকাস্টে রোহিত বলেন,
“কিছু খেলোয়াড়কে ১০০ শতাংশ ফিট থাকতেই হবে। কারণ ইংল্যান্ড সিরিজ অত্যন্ত কঠিন সফর হতে চলেছে।”

এই মন্তব্যের পর বেশ স্পষ্ট যে তিনি বুমরাহ এবং মহম্মদ শামির দিকেই ইঙ্গিত করেছেন। রোহিত আরও বলেন,
“আইপিএলে মাত্র চার ওভারের বোলিং হলেও, বারবার ম্যাচ খেলতে হয় আলাদা জায়গায়। আশা করি এই দুই তারকা মরশুম ভালোভাবেই শেষ করবে।”

এছাড়াও রোহিতের নিজস্ব টেস্ট ফর্মও বিতর্কের কেন্দ্রে। শেষ ১০টি টেস্টে তিনি করেছেন মাত্র ১৬৪ রান। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। তাই অধিনায়কত্ব ফিরে পাওয়া নিয়েও বিস্তর আলোচনা চলেছে বোর্ডের অন্দরমহলে।

তবে রোহিতের সাম্প্রতিক মন্তব্যই প্রমাণ করছে, তিনি এখন থেকেই ইংল্যান্ড সফর নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, এই টেস্ট সিরিজ শুরু হবে ২০ জুন, লিডসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত