বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক সাফল্যের নজির গড়ছেন দেব। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘খাদান’ ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই ছবির জনপ্রিয় গান ‘কিশোরী’ ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান ধরে রেখে বাংলা গানের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে।
মাত্র ২৩ দিনে ‘কিশোরী’ গানটি পেয়েছে ৪ কোটির বেশি ভিউজ, যা বাংলা সঙ্গীত জগতে একটি উল্লেখযোগ্য ঘটনা। দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন। তিনি বলেন, “এই গানটি শুধু মানুষের হৃদয়ে জায়গা করে নেয়নি, বরং একাধিক রেকর্ডও ভেঙেছে।”


‘কিশোরী’ গানের জনপ্রিয়তা
ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও ‘কিশোরী’ গানটি প্রবল ট্রেন্ডিং। ইতিমধ্যেই এই গানে ৭ লাখেরও বেশি রিল তৈরি হয়েছে। দেব এই সাফল্যের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেন, “এত ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।”
‘কিশোরী’ গানটি গেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য ও অন্তরা মিত্র। সুর দিয়েছেন রথিজিৎ, এবং গানের কথা লিখেছেন ঋতম সেন। এই গানের পাশাপাশি ‘খাদান’ ছবির অন্যান্য গান, যেমন ‘হায় রে বিয়ে’, ‘রাধারাণী’, ‘রাজার রাজ’, ‘বাপ এসেছে’ দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
২০ তারিখ মুক্তি পাওয়া ‘খাদান’ ছবিটি প্রথম সপ্তাহেই জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ১ কোটি ২৪ লাখ টাকার ব্যবসা করেছে। আর ২৭ ডিসেম্বর পর্যন্ত ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৭ কোটি ২৬ লাখ টাকা। দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত এই ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, বরং সমালোচকদের প্রশংসাও অর্জন করেছে।ছবিটির শেষে ঘোষণা করা হয়েছে, ‘খাদান ২’ শীঘ্রই আসছে। এই তথ্য ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।










