টলিউড এখনও শোকাহত। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি কেউই। কিন্তু শোকের আবহের মধ্যেই এবার সামনে এল এক তীব্র প্রশ্ন—শুটিং সেটে নিরাপত্তাহীনতা, দায় এড়ানো এবং শিল্পীদের নীরবতা। এই প্রেক্ষাপটেই অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সোশ্যাল মিডিয়ার পোস্ট যেন নতুন করে বিতর্কের আগুন জ্বালাল।
শ্রীময়ীর বক্তব্যে স্পষ্ট ক্ষোভ—কয়েকদিনের মধ্যেই মানুষ হয়তো সব ভুলে যাবে, কিন্তু একজন মা তাঁর সন্তানকে হারানোর যন্ত্রণা, এক কিশোর সন্তানের বাবাকে হারানো, কিংবা এক স্ত্রীর জীবনের সবচেয়ে কাছের মানুষকে হারানোর ক্ষত কখনও মুছবে না। তাঁর কথায়, একজন শিল্পীর মৃত্যু হয় না—তাঁর কাজের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকেন, কিন্তু বাস্তবের ক্ষতি অপূরণীয়।
তিনি প্রশ্ন তুলেছেন, একজন শিল্পী কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে অন্তত নিরাপত্তার নিশ্চয়তা কি থাকা উচিত নয়? শ্রীময়ীর অভিযোগ, বড় বড় ব্যক্তিত্বদের গাফিলতির জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে, অথচ দায় এড়াতে মৃত মানুষের ওপরই দোষ চাপানোর চেষ্টা চলছে।
শুধু তাই নয়, তিনি সরাসরি আঙুল তুলেছেন ইন্ডাস্ট্রির কিছু শিল্পীর দিকেও। তাঁর দাবি, অনেকেই নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী দাবি করলেও, সহকর্মীর মৃত্যুর খবর পেয়েও তাঁরা কেউই ফিরে যাননি ঘটনাস্থলে। শ্রীময়ীর প্রশ্ন—এটা কি মানবিকতার অভাব, নাকি ভয়?
তিনি আরও বলেন, “আমরা সবাই জীবিকার জন্য কাজ করি, কিন্তু জীবনের চেয়ে বড় কিছু নয়। অথচ বাস্তবে শিল্পীরা একে অপরের পাশে দাঁড়ান না।” তাঁর মতে, পর্দায় বড় বড় সংলাপ বলা সহজ, কিন্তু বাস্তবে সেই মানবিকতা দেখানো অনেক কঠিন।
শেষে তীব্র আক্ষেপের সুরে তিনি লেখেন, এই স্বার্থপরতা যেন একদিন ফিরে না আসে তাঁদের নিজের জীবনে—যখন তাঁদের বিপদে কেউ পাশে দাঁড়াবে না।


