তিহাড় জেল থেকে মুক্ত রাজপাল — সলমনের ‘ভাইজান’ হাতেই কি সব সমাধান? আসল সত্য কী

ভাইরাল ভিডিয়োয় সলমনকে ধন্যবাদ জানালেন রাজপাল যাদব; তবে তিহাড় মুক্তির সঙ্গে বর্তমান ঘটনার কোনও যোগ নেই, ২০১৮-র পুরনো ক্লিপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সলমন খানের সৌজন্যে কি তিহাড় জেল থেকে মুক্ত হলেন রাজপাল যাদব? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে এমনই জল্পনা। ভিডিয়োয় রাজপালকে সলমনকে কৃতজ্ঞতা জানাতে দেখা যায়, আর তাতেই অনেকে ধরে নিয়েছেন—৯ কোটি টাকার ঋণ মামলায় বিপদে পড়া অভিনেতাকে ‘ভাইজান’ই উদ্ধার করেছেন। তবে সত্যিটা একটু ভিন্ন।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিয়োয় রাজপাল যাদবকে বলতে শোনা যায়, “সলমন বরাবর দুর্বলদের পাশে থাকেন। তাঁর হাত মাথায় থাকলে সব বিপদ কেটে যায়। এখন আমি স্বস্তির শ্বাস নিতে পারছি।” এই বক্তব্যই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়। অনুরাগীদের একাংশের ধারণা, সলমনের হস্তক্ষেপেই তিনি তিহাড় থেকে বেরিয়েছেন।

কিন্তু পরে জানা যায়, ভাইরাল ভিডিয়োটি নতুন নয়। ২০১৮ সালে ঋণখেলাপির অভিযোগে রাজপালকে তিহাড় সংশোধনাগারে থাকতে হয়েছিল। সেই সময় পাশে ছিলেন সলমন খান। জেল থেকে বেরিয়ে কৃতজ্ঞতা প্রকাশের সেই পুরনো ভিডিয়োই আবার নতুন করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউডে সলমন খানের ‘ভাইজান’ ইমেজ দীর্ঘদিনের। ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা-অভিনেত্রী তাঁর সহায়তা পেয়েছেন বলে শোনা যায়। ফলে রাজপাল-ভিডিয়ো ঘিরে তৈরি হওয়া জল্পনা অস্বাভাবিক নয়। তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে ওই ভিডিয়োর সরাসরি কোনও সম্পর্ক নেই বলেই স্পষ্ট হয়েছে।

ভাইরাল কনটেন্টের যুগে পুরনো ভিডিয়ো নতুন প্রেক্ষাপটে সামনে আসতেই পারে। তাই তথ্য যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়—এই ঘটনাই যেন সেই বার্তা দিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর