বলিউডের সাহায্যে মেটালেন বকেয়ার অর্ধেক! সোমবারই কি তিহাড় থেকে মুক্তি পাবেন রাজপাল যাদব?

৯ কোটির চেক বাউন্স মামলায় তিহাড় জেলে অভিনেতা রাজপাল যাদব। বলিউডের সহায়তায় আড়াই কোটি টাকা মেটানো হয়েছে, সোমবারের শুনানিতে মিলতে পারে স্বস্তি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চেক বাউন্স মামলায় তিহাড় জেলে থাকা অভিনেতা রাজপাল যাদবকে ঘিরে নতুন মোড়। দিল্লি হাইকোর্টে জামিন খারিজ হওয়ার পর তাঁর আইনজীবীর দাবি, মোট বকেয়ার অর্ধেক ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। ফলে সোমবারের পরবর্তী শুনানিতেই মিলতে পারে বড় স্বস্তি—এমনই ইঙ্গিত মিলছে আইনি মহল থেকে।

অভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানিয়েছেন, ৯ কোটির চেক বাউন্স মামলায় এখনও পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা কীভাবে মেটানো হবে, তা নিয়ে রাজপালের ম্যানেজার তিহাড় জেলে গিয়ে তাঁর সঙ্গে আলোচনা করবেন। সোমবার আদালতে পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে অভিনেতার আইনজীবী দল।

আইনজীবীর বক্তব্য, ২০১২ সালের চুক্তি অনুযায়ী লেনদেনের হিসেব মেলাতে গিয়েই দীর্ঘ সময় কেটে গিয়েছে। টাকা ধার নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়নি, তবে আগের একাধিক সময় মামলাকারী সংস্থা টাকা নিতে রাজি হয়নি বলেও দাবি করেছেন তিনি।

এর আগে জামিনের আবেদন জানিয়ে রাজপাল যাদব আদালতে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে দাদার মেয়ের বিয়ের অনুষ্ঠান রয়েছে। কিন্তু সেই আবেদন খারিজ করে কড়া ভর্ৎসনা করে দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, অতীতে বহুবার হাজিরা দেওয়ার সুযোগ পেয়েও বকেয়া মেটাতে ব্যর্থ হয়েছেন অভিনেতা। এমনকি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তিও করতে পারেননি।

এই মুহূর্তে ৯ কোটির চেক বাউন্স মামলায় তিহাড় জেলেই থাকতে হচ্ছে রাজপাল যাদবকে। জানা গেছে, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য দিল্লির একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই টাকা ফেরত দিতে পারেননি, আর সেখান থেকেই শুরু হয় আইনি জটিলতা।

এদিকে অভিনেতার গ্রেপ্তারের খবর ছড়াতেই বলিউডে নড়েচড়ে বসেন একাধিক তারকা। অভিনেতার ম্যানেজারের দাবি, Sonu Sood, Salman Khan, Ajay Devgn, Varun Dhawan, পরিচালক David Dhawan, সঙ্গীতশিল্পী Mika Singh, Guru Randhawa এবং Anup Jalota-সহ অনেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এই সম্মিলিত সহায়তাতেই কি বকেয়ার অর্ধেক মিটেছে? তার স্পষ্ট উত্তর মিলতে পারে সোমবারের শুনানিতে। আপাতত আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজপাল যাদব ও তাঁর পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন