‘দাদা’ হয়ে মাঠে নামতেই চমক! এরিয়ান ক্লাবে রাজকুমারের সৌরভ লুক ভাইরাল

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে এরিয়ান ক্লাবে প্রথমবার ধরা দিলেন রাজকুমার রাও। কড়া নিরাপত্তার মধ্যেও ভাইরাল তাঁর ‘মহারাজ’ লুক।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতায় শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জোরকদম শুটিং। আর সেই শুটিং চলাকালীনই এরিয়ান ক্লাবে প্রথমবার ‘দাদা’ লুকে দেখা গেল রাজকুমার রাওকে। কঠোর নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়ে যাওয়া সেই ঝলক এখন সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

বুধবার লেসলি ক্লডিয়াস সরণি সংলগ্ন এরিয়ান ক্লাব চত্বরে সকাল থেকেই ছিল অস্বাভাবিক ব্যস্ততা। কোনও ম্যাচ না থাকলেও ক্লাবের ভিতরে চলছিল শুটিংয়ের প্রস্তুতি। কারণ, সেখানেই শুট হচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র গুরুত্বপূর্ণ দৃশ্য।

প্রযোজনা সংস্থার তরফে পুরো শুটিং সেটে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। মূল লক্ষ্য ছিল রাজকুমার রাওয়ের ‘সৌরভ লুক’ যাতে বাইরে না আসে। প্রতিটি শটের পর তাঁকে বড় ছাতার আড়ালে দ্রুত ভ্যানিটি ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল।

তবে সমস্ত সতর্কতা সত্ত্বেও কয়েকটি ছবি ক্যামেরাবন্দি হয়ে যায়। ভ্যানিটি ভ্যান থেকে ক্লাবে ঢোকার সময় এক ঝলক দেখা যায় রাজকুমারকে। আর সেই ছবিই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

‘দাদা’ হয়ে মাঠে নামতেই চমক! এরিয়ান ক্লাবে রাজকুমারের সৌরভ লুক ভাইরাল
‘দাদা’ হয়ে মাঠে নামতেই চমক! এরিয়ান ক্লাবে রাজকুমারের সৌরভ লুক ভাইরাল

নেটিজেনদের একাংশের দাবি, পোশাক, চুলের ছাঁট ও শরীরী ভাষায় একেবারে তরুণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছাপ ফুটিয়ে তুলেছেন রাজকুমার। বিশেষ করে ক্রিকেটারের মাঠের লুক এবং ভঙ্গি অনেককেই পুরনো দিনের ‘মহারাজ’-এর কথা মনে করিয়ে দিয়েছে।

এরিয়ান ক্লাবকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়ার পিছনেও রয়েছে বিশেষ আবেগ। ক্লাব গ্যালারির নীচেই রয়েছে দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টার, যেখানে ক্রিকেট জীবনের প্রাথমিক পাঠ নিয়েছিলেন সৌরভ। ফলে এই লোকেশন বায়োপিকের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল।

জানা গিয়েছে, লাভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে ‘দাদা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় পরিচিতিকেই মাথায় রেখেই এই নামকরণ।

কয়েকদিন আগেই বেহালায় সৌরভের পৈতৃক বাড়িতে শুরু হয়েছিল ছবির শুটিং। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতল্লাকে।

সূত্রের খবর, আগামী কয়েকদিন ইডেন গার্ডেন্স-সহ কলকাতার আরও একাধিক জায়গায় চলবে ছবির শুটিং। তবে এরিয়ান ক্লাবে ‘দাদা’ লুকে রাজকুমারের প্রথম ঝলক ইতিমধ্যেই সিনেমাপ্রেমী ও ক্রিকেটভক্তদের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর