আত্মঘাতী পড়ুয়াদের স্মরণে গাঁধী স্মৃতিতে রাহুলেরা, বাসের সামনেই ব্যারিকেড দিয়ে ‘তৎপর’ দিল্লি পুলিশ

নিটে আত্মঘাতী পড়ুয়াদের স্মরণে গাঁধী স্মৃতির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহুল-সহ বিরোধী নেতারা। পুলিশ বাংলোর বাইরে ব্যারিকেড বসিয়ে, বাসের সামনে জাতীয় পতাকা বেঁধে বাধা দেয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: নিট (NEET) প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী পড়ুয়াদের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় গাঁধী স্মৃতি (Gandhi Smriti) অভিমুখে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)-র সাংসদ ও নেতারা। কিন্তু যাত্রা শুরুর আগেই দিল্লি পুলিশের (Delhi Police) বাধার মুখে পড়েন তাঁরা। রাহুলদের বাসের সামনে বাঁধা ছিল জাতীয় পতাকা। তার আগেই বিকেলে রাহুলের বাংলোয় বিরোধী সাংসদদের বৈঠক শুরু হতেই তড়িঘড়ি বাংলোর বাইরে ব্যারিকেড বসায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনাও ছড়ায়।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল এক্স পোস্টে (X Post) লেখেন, “এখন আমরা, ‘ইন্ডিয়া’র সাংসদ ও নেতৃত্ব ‘তিস জানুয়ারি মার্গ’-এ গাঁধী স্মৃতিতে যাচ্ছি। আমরা যাচ্ছি সেই সব শিক্ষার্থীর স্মরণে— যাঁরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন। আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। আমরা যাচ্ছি সেই সব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে— যাঁরা আজ আহত, ন্যায়বিচার ও জবাবদিহির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করার সময়ে যাঁদের উপর অত্যাচার চালানো হয়েছে।”

বৃহস্পতিবার বিকেলে বৈঠকের জন্য রাহুলের বাংলোয় পৌঁছনোর পরই পুলিশ ব্যারিকেড বসায়। সন্ধ্যায় বৈঠক শেষে গাঁধী স্মৃতি পরিদর্শনের পরিকল্পনার কথা ঘোষণা করেন রাহুল। তখন বাংলোর সামনে দাঁড় করানো তিনটি বাসে উঠতে যান রাহুল-প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)রা। সেই সময় পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়। কংগ্রেস (Congress) সূত্রে খবর, পূর্বঘোষিত কর্মসূচি না-হওয়ায় পুলিশ বাধা দেয়। শেষ পর্যন্ত গাঁধী স্মৃতিতে গিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাইরে বেরিয়ে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, বুধবার রাতে যন্তর মন্তরে (Jantar Mantar) শিক্ষার্থীদের ধর্নায় হামলা চালিয়েছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, সোমবারের ছাত্র-যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি দমনপীড়নের অভিযোগ তুলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাংলোর সামনে ধর্নায় বসে আটক হয়েছিলেন রাহুল, মল্লিকার্জুন খড়গে (Mallikarjun Kharge), প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব (Akhilesh Yadav)-সহ বিরোধী নেতারা। তার প্রেক্ষিতেই এই ‘তৎপরতা’ বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন