সংবিধান দিবসে কংগ্রেসকে নিশানা মোদীর, মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধীদের বিরুদ্ধে বড় অভিযোগ প্রধানমন্ত্রীর

সংবিধান দিবসে নিজের নিবন্ধে জরুরি অবস্থা, ৩৭০ ধারা, মহিলা সংরক্ষণ এবং সংবিধানের সংশোধনী নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্যের কথাও তুলে ধরলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সংবিধান দিবসে একাধিক রাজনৈতিক ও সাংবিধানিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জরুরি অবস্থা, সংবিধানের সংশোধনী, ৩৭০ ধারা এবং মহিলা সংরক্ষণ—প্রতিটি বিষয়েই কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিশেষ নিবন্ধে প্রধানমন্ত্রীর অভিযোগ, অতীতে ক্ষমতা ধরে রাখতে সংবিধানের মৌলিক মূল্যবোধকে দুর্বল করেছে কংগ্রেস। এমনকী আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগেও বাধা দিয়েছে বিরোধীরা। তাঁর স্পষ্ট বার্তা, দেশের মহিলাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না সরকার। কোনও শক্তিই এই উদ্যোগ আটকাতে পারবে না।

১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে (Constituent Assembly) গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতি বছর ২৬ নভেম্বর পালিত হয় সংবিধান দিবস। এদিন সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর, ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের প্রত্যেক নাগরিকের জীবনের সঙ্গে সংবিধান গভীরভাবে জড়িত। সাধারণ পরিবারে জন্মেও দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে পৌঁছনোর সুযোগ যে গণতন্ত্র তৈরি করেছে, তার কৃতিত্বও সংবিধানকেই দিয়েছেন তিনি।

প্রথম ও ৪২তম সংশোধনী নিয়ে কংগ্রেসকে আক্রমণ

প্রধানমন্ত্রীর নিবন্ধে বিশেষ গুরুত্ব পেয়েছে সংবিধানের প্রথম সংশোধনী এবং জরুরি অবস্থার সময় আনা ৪২তম সংশোধনী। ১৯৫১ সালের প্রথম সংশোধনীর ৭৫ বছর পূর্তি এবং ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর ৫০ বছর পূর্তির প্রসঙ্গ তুলে কংগ্রেসকে নিশানা করেছেন মোদী।

তাঁর অভিযোগ, প্রথম সংশোধনীর মাধ্যমে তৎকালীন সরকার নাগরিকদের মৌলিক স্বাধীনতা সীমিত করার পথে হেঁটেছিল। অন্যদিকে, জরুরি অবস্থার সময় আনা ৪২তম সংশোধনীর ফলে বিচারবিভাগের পর্যালোচনার ক্ষমতা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি প্রধানমন্ত্রীর।

শুধু এই দুই সংশোধনী নয়, ৩৮তম ও ৩৯তম সংশোধনী নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দেশের তরুণ প্রজন্মকে এই সংশোধনীগুলি পড়ে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ক্ষমতার অপব্যবহার কীভাবে সাংবিধানিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, তার উদাহরণ রয়েছে এই ঘটনাগুলিতে।

এ ছাড়াও সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করে নির্বাচিত রাজ্য সরকার ভেঙে দেওয়ার প্রসঙ্গ তুলেছেন মোদী। তাঁর অভিযোগ, কংগ্রেসের আমলে প্রায় ১০০ বার এই ধারার অপব্যবহার করা হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ এবং ৩৫এ ধারা নিয়েও নিজের সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সাত দশকেরও বেশি সময় এই দুই ধারার কারণে জম্মু ও কাশ্মীরে সম্পূর্ণ সংবিধান কার্যকর করা সম্ভব হয়নি। এর ফলে তফসিলি জাতি, তফসিলি জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং মহিলারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তাঁর।

২০১৯ সালে তাঁর সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করে সেই ঐতিহাসিক সমস্যার সমাধান করেছে বলে দাবি করেছেন মোদী। তাঁর বক্তব্য, দেশের অন্যান্য অংশের মতো জম্মু ও কাশ্মীরেও সাংবিধানিক অধিকার কার্যকর করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

সংবিধান দিবসে প্রধানমন্ত্রীর নিবন্ধের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল মহিলা সংরক্ষণ। আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে আনা বিলের প্রসঙ্গ তুলে বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

মোদীর অভিযোগ, চলতি বছরের শুরুতে মহিলাদের জন্য আইনসভায় পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে আনা সংশ্লিষ্ট বিল পাসের পথে বাধা দিয়েছিল বিরোধী দলগুলি। তাঁর মতে, সংবিধান প্রণয়নে মহিলাদের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও তাঁদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।

প্রধানমন্ত্রীর কথায়, দেশের নারীশক্তিকে ন্যায়বিচার দেওয়ার সংকল্প বাস্তবায়নে কোনও শক্তিই সরকারকে আটকাতে পারবে না।

তবে মহিলা সংরক্ষণ কার্যকর করার পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিশেষ করে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনকে কেন্দ্র করে মতবিরোধ তৈরি হয়েছে। সরকারের যুক্তি, মহিলা সংরক্ষণ বাস্তবায়নের জন্য আসন পুনর্বিন্যাস প্রয়োজন। অন্যদিকে বিরোধীদের একাংশের আশঙ্কা, প্রস্তাবিত পুনর্বিন্যাসের ফলে বিভিন্ন রাজ্যের সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত বদলে যেতে পারে।

এই বিতর্কের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে গুরুত্ব পেয়েছে।

অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নিয়েও বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বিরোধী শিবির ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইছে। এই অবস্থানের বিরোধিতা করে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি।

এ ছাড়াও নকশালবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অভিযানকে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন মোদী। তাঁর বক্তব্য, নকশাল প্রভাবিত এলাকায় দরিদ্র ও আদিবাসী মানুষ দীর্ঘদিন ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। নকশালবাদের অবসানের ফলে তাঁরা ভয়মুক্ত পরিবেশে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবেন বলে দাবি প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ ব্যবহার করে সরকারের উন্নয়নমূলক উদ্যোগে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

নিবন্ধে বিরোধীদের সমালোচনার পাশাপাশি গত এক দশকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রকল্পের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। পণ্য ও পরিষেবা কর (GST), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ এবং জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার বিষয়গুলি উল্লেখ করেছেন তিনি।

এ ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) কার্যকর করা এবং সংবিধানের হালনাগাদ সংস্করণ অষ্টম তফসিলের ২২টি ভাষায় উপলব্ধ করার বিষয়টিকে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

সাধারণ মানুষের জীবনযাত্রায় সরকারি প্রকল্পের প্রভাব বোঝাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা এবং আয়ুষ্মান ভারতের উদাহরণ দিয়েছেন। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ইউপিআইয়ের (UPI) ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি।

বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্টের উল্লেখ করে মোদীর দাবি, প্রায় ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণে দেশের নাগরিকদের দায়িত্ববোধের উপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, চিন্তাভাবনায় দেশকে সবার আগে রাখতে হবে এবং প্রতিটি কাজে কর্তব্যবোধকে গুরুত্ব দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর