নজরবন্দি ব্যুরোঃ যোগিরাজ্যে গ্যাংরেপ, কালো কাপড় হাতে প্রতিবাদ মিছিল মমতার। হাথরাস গণধর্ষণ কান্ডে সোচ্চার গোটা দেশ। হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রী সকলেই এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা। জল এতটাই গড়িয়েছে যে যোগী প্রশাসনকে বরখাস্তের দাবি জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুনঃ EMI তে সুদের উপর সুদ দিতে হবে না। কতটা লাভবান হচ্ছেন গ্রাহক?


এদিকে আজ হাথরাসের নির্যাতিতার পরিজনদের সঙ্গে দেখা করতে যান রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। কংগ্রেসের প্রাক্তন সভাপরিকে কার্যত ঘাড়ধাক্কা দেওয়া হয়। একই ভাবে গতকাল তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। সাংসদ ডেরেক ও ব্রায়েন কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।
দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে প্রতিনিধিদল পৌঁছে গিয়েছিল নির্যাতিতার বাড়ির দেড় কিলোমিটার দূরত্বে। কিন্তু এরপরই ওই দলকে আটকে দেয় পুলিশ। ওই দলে ছিলেন তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, ড. কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। সেখানেই পুলিশ ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ডেরেক কে।
হাথরাস গনধর্ষন কান্ডের প্রতিবাদে এবং বিজেপি শাসিত যোগীরাজ্যে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এই অভিযোগে আজ প্রতিবাদ মিছিল করলেন মমতা বন্দোপাধ্যায়। কলকাতার বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল চলে। প্রতিবাদ মিছিলের সর্বাগ্রে হেঁটে মিছিল কে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার হাতে ছিল একটি কালো কাপড়, যা প্রতিবাদের স্বরুপ।









