লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গ সফরে এসে ৪২ আসনে জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছেন। ভোট ঘিরে বাংলায় রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতিতে বাংলায় বিজেপির লোকসভার ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সেখানে বাংলায় গেরুয়া শিবিরের ফলাফল নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। এনিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।



আরও পড়ুন: ‘এটা কংগ্রেসের ইস্তেহার নাকি রাহুল গান্ধীর বিদেশ সফরের আইটেনারি?’মোদীর বিরুদ্ধে কমিশনে কংগ্রেস
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, ‘আমার মনে হচ্ছে লোকসভা ভোটে বিজেপি এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে।’ বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশা ও তেলেঙ্গানা থেকেও তারা লিড নিতে পারে বলে মনে করছেন পিকে। আসন্ন লোকসভা ভোটে (Loksabha Election) বিজেপির টার্গেট ‘আবকি বার, ৪০০ পার।’ তবে পিকে-র দাবি, বিজেপির ৩৭০ টি আসনেই জয় পাওয়া মুশকিল। তবে পশ্চিমবঙ্গে ভালো ফল করবে গেরুয়া শিবির।



এর আগেও এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন, ‘বাংলার লোকসভা ভোটের (Loksabha Election in West Bengal) ফলাফল নিয়ে আমি এখনই কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে বেশিরভাগ লোক যা ভাবছে তার বিপরীতে গিয়ে আমি বলতে চাই যে সম্ভবত বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে। পশ্চিমবঙ্গে বিজেপি সারপ্রাইজিং ফল করবে।’
তৃণমূলকে ছাপিয়ে বাংলায় ‘নম্বর ১’ হতে পারে BJP, পিকে-র ভবিষ্যদ্বাণীতে ‘সিঁদুরে মেঘ’ দেখছে শাসক দল?

২০১৯-এর নির্বাচনের (2019 Loksabha Election) পর থেকে বাংলায় সব নির্বাচনেই কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ২১-এর বিধানসভা নির্বাচন, উপনির্বাচন (By-Elelction), পুরভোট, পঞ্চায়েত ভোট- সব মিলিয়ে কোনওবারেই ভালো ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে পদ্ম শিবির। বাংলায় মনোযোগ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরাও। শেষ পর্যন্ত ফলাফল কী হবে, তা জানা যাবে আগামী ৪ জুন।







