রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ। নতুন বছরের শুরুতেই বড় ঘোষণা করল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এই স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট এলাকার মধ্যে একটি জমি বরাদ্দ করা হয়েছে বলে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চিঠিতে জানানো হয়েছে। প্রণববাবুর পরিবারের প্রতি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
গত ১ জানুয়ারি প্রেরিত চিঠির মাধ্যমে কেন্দ্র জানিয়েছে, রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এই চিঠি পেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন শর্মিষ্ঠা। তিনি বলেন, “বাবার প্রয়াণের পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে ন্যূনতম শোকপ্রস্তাবও দেওয়া হয়নি। শুধু তাই নয়, কংগ্রেসের তরফে মিথ্যাচার করা হয়েছে।” শর্মিষ্ঠা আরও অভিযোগ করেন, প্রণববাবু কংগ্রেসে যোগ্য সম্মান পাননি।
২০০৪ সালে প্রণববাবুকে বাদ দিয়ে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার পর থেকেই তাঁর প্রতি বঞ্চনার অভিযোগ উঠে এসেছে। মনমোহন সিং নিজেও পরে স্বীকার করেন, সে সময় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।
প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন প্রদান থেকে শুরু করে তাঁর স্মৃতিসৌধ নির্মাণ—মোদির নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপগুলি প্রণববাবুর প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



