নজরবন্দি ব্যুরোঃ ‘টিএমসি সেটিং মাস্টার’ কৈলাস! তেমনটাই বলছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের পার্টি অফিস থেকে কলকাতার একাধিক জায়গায় কৈলাসের ছবি সহ ‘গো-ব্যাক’ এবং ‘টিএমসি সেটিং মাস্টার’ লেখা পোস্টার পড়েছে। ছবির এক পাশে রয়েছে মুকুল-কৈলাসের একসঙ্গের ছবি। আর গেরুয়া শিবিরের ভেতরে বর্ষীয়ান নেতাকে নিয়ে এই ক্ষোভ প্রকাশে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে, অনেকে আবার বলছেন এমনটা হওয়ারই ছিল।
আরও পড়ুনঃ প্রবল বর্ষা বাংলায়, বাতিল হ্যাট্রিক জয়ের পর মমতার প্রথম উত্তরবঙ্গ সফর
ওয়াকিবহাল মহলের মতে মুকুল রায়ের হুট করে তৃণমূলে যোগ দানের পরই এবার নিশানায় কৈলাস। গেরুয়া শিবিরের নেতারাও অনেকেই সেকথাই বলছেন। মুকুল রায় যাওয়ার পর একটি ট্যুইট রি-ট্যুইট করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। মুকুল রায়ের জোড়া ফুলে যোগ দানের পর এক বিজেপি নেতা-কর্মী ট্যুইট করেছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, রায়ের পর গেরুয়া শিবিরের ‘বোকা বেড়াল’ কৈলাসকেও যেন দলে নেন মমতা।
সেই ট্যুইটকেই রি-ট্যুইট করে তথাগত লিখেছিলেন, “একজন বিজেপি সমর্থকের পোস্ট ইংরাজিতে রিপোস্ট করলাম শুধু। এর থেকে আমি কিছু বাদ দিচ্ছিনা, কিছু নিজে যোগও করলাম না” তার পরেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন “প্লিজ এই বোকা বিড়ালটিকে তৃণমূলে নিয়ে যান। বন্ধুকে হারিয়ে হতাশ হয়ে পড়েছেন। সারাদিন যে ফিসফিস করতেন!”
এমনিতেই রাজনীতির আঙিনায় কখনো কড়া বা কখনো বেঁফাস মন্তব্য করে বসেন তথাগত। তবে দিন পেরোলে দেখা গেল এই ভাবনা ছড়িয়েছে দলের ভেতরে বহুদূর। এয়ারপোর্ট থেকে হেস্টিংস, এমনকি ৬ নম্বর মুরলিধর লেনের বিজেপির পার্টি অফিসের সামনেও বড়ো বড়ো পোষ্টার পড়েছে।
২১ এর নির্বাচনের আগে নিজের ফ্ল্যাটে নিষ্ক্রিয় হয়ে মুকুল রায় বসে থাকলেও গোটা ভোট মরশুমে ফ্রন্টফুটে খেলেছেন কৈলাস। একাধিক বৈঠক-সভা সিদ্ধান্ত সবেতেই উপস্থিত ছিলেন। তবে ভোটে গেরুয়া শিবিরের ব্যাপক হারের পর থেকেই তথাগত সহ একাধিক নেতা কর্মীরা ভুল ব্লু প্রিন্টের জন্য আঙুল তুলেছিলেন দিলীপ-কৈলাস-অরবিন্দ মেননদের দিকে। সেসব ক্ষোভ-বিক্ষোভ প্রশমিত হওয়ার আগেই ঘটে গেরুয়া শিবিরের মুকুল পতন।
‘টিএমসি সেটিং মাস্টার’ কৈলাস! আস্থা হারিয়ে বিজয়বর্গীয়র বিরুদ্ধে পোস্টার কলকাতায়। কৈলাস-বন্ধুর দলত্যাগের পরই তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বেড়েছে। রাজনীতিতে গেরুয়া শিবিরে মুকুল-কৈলাস-মুকুলের বন্ধুত্ব অজানা নয়। সেখানে মুকুলের দলত্যাগের পর তথাগত বলেছিলেন, “মুকুল রায় ছিলেন ট্রয়ের ঘোড়া। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের সঙ্গে ওঠাবসা করে, ভিতরের সব কথা জেনে চলে গেলেন আর মমতাকে সব জানিয়ে দিলেন।” ওয়াকিবহাল মহলের মতে ঠিক সেই কারণেই এবার ক্ষোভ প্রকাশ পাচ্ছে কৈলাসের বিরুদ্ধে। একেই দলের হার, আদি-নব্য দ্বন্দ, তার মধ্যেই দলের বর্ষীয়াণ নেতার বিরুদ্ধে এহেন বিক্ষোভের মোকাবিলা কিভাবে করবে বঙ্গ বিজেপি তাই এখন দেখার।



