রোনাল্ডোর সামনে শেষ সুযোগ? ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা পর্তুগালের, নজরে ৪১ বছরের মহাতারকা

২০২৬ বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পর্তুগালের। রোনালদোসহ একাধিক তারকা রয়েছেন তালিকায়, চূড়ান্ত স্কোয়াডে কাটছাঁট বাকি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পর্তুগাল। প্রত্যাশামতো সেই তালিকায় রয়েছেন ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলের ইতিহাসে নজির গড়ে ষষ্ঠবার বিশ্বকাপে নামার অপেক্ষায় তিনি। আর তাই শুরু থেকেই আলোচনার কেন্দ্রে পর্তুগালের অধিনায়ক।

মঙ্গলবার ঘোষিত দলে রয়েছেন চার জন গোলরক্ষক, নয় জন ডিফেন্ডার, ছয় জন মিডফিল্ডার এবং আট জন ফরোয়ার্ড। ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারবেন ২৩ থেকে ২৬ জন ফুটবলার। ফলে এই প্রাথমিক তালিকা থেকে অন্তত একজন এবং সর্বোচ্চ চার জন বাদ পড়তে পারেন।

ক্লাব ফুটবলে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসে খেলেই তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার মর্যাদা পেয়েছেন। তবে ব্যক্তিগত সাফল্যের ভাণ্ডার পূর্ণ হলেও বিশ্বকাপ ট্রফি এখনও অধরা।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও রোনালদোর দখলে। পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচে করেছেন ১৪৩ গোল। পাশাপাশি বিশ্বকাপের পাঁচটি আলাদা আসরে গোল করার অনন্য নজিরও একমাত্র তাঁরই।

পর্তুগালের এবারের দলও তারকায় ভরপুর। রয়েছেন ভিতিনিয়া, নুনো মেন্দেস, গনসালো রামোস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, দিয়োগো দালোত, বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস, মাথেউস নুনেস এবং রাফায়েল লেয়াওয়ের মতো ফুটবলাররা।

বিশ্বকাপে ‘কে’ গ্রুপে রয়েছে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডিআর কঙ্গো। মূল পর্ব শুরুর আগে চিলি ও নাইজেরিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে রবার্তো মার্তিনেজের দল।

রোনালদোর কেরিয়ারের এই পর্যায়ে এসে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে আবেগটা অন্য রকম। ফুটবলের প্রায় সব বড় ট্রফি জেতা হয়ে গেলেও বিশ্বকাপ এখনও তাঁর নাগালের বাইরে। তাই অনেকের চোখে এটাই হতে পারে সোনালি ট্রফি ছোঁয়ার শেষ সুযোগ।

বিশ্বকাপের জন্য পর্তুগালের স্কোয়াড:

গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলিয়ো

ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউহো

মিডফিল্ডার: রুবেন নেভেস, স্যামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা

ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস ও ক্রিস্তিয়ানো রোনালদো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর