নজরবন্দি ব্যুরো: শনিবার স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুতে ধৃত সৌরভ চৌধুরীকে আলিপুর আদালতে পেশ করল পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছে বলে ধারণা। শুক্রবারই তাঁকে গ্রেফতার করে রাতভর জেরা করেছে পুলিশ। সৌরভের বয়ানে কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: ছেলে তো আর ফিরবে না, দোষীদের কঠোর শাস্তি চাইছেন পুত্র শোকে দিশেহারা স্বপ্নদীপের মা


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুতে নাম জড়িয়েছে সৌরভ চৌধুরীর। তিনি বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। এক বছর আগে অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেও হোস্টেলে নিজের কর্তৃত্ব কায়েম রেখেছিল সৌরভ। বিশ্ববিদ্যালয় ছেড়েও সে যায়নি। ‘সৌরভই ছিল হোস্টেলের বাবা’, এমন অভিযোগ তুলেছেন স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রামপ্রসাদ কুন্ডু। তাঁর লিখিত অভিযোগেই ছিল সৌরভের নাম। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃত ছাত্রের মা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং-এর বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট মহলের অনেকেই। মাত্র তিন থেকে চার দিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে র্যাগিংয়ের শিকার হয়ে প্রাণ গিয়েছে স্বপ্নদীপের। অভিযোগ, স্বপ্নদীপ যে সমকামী নয় তা প্রমাণ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। নেতৃত্বে ছিলেন সৌরভ চৌধুরী। সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখতেই সোউরভকে পুরোপুরি নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।










