ফের জ্বালানির ধাক্কা, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোল ১০৯.৭০ টাকা ও ডিজেল ৯৬.০৭ টাকায় পৌঁছল, সবচেয়ে বেশি বৃদ্ধি মহানগরীতেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে মঙ্গলবার থেকে নতুন রেট কার্যকর হয়েছে। কলকাতায় এক লাফে প্রায় ১ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, যা চার মেট্রো শহরের মধ্যে সর্বাধিক। মধ্যবিত্তের পকেটে নতুন চাপ তৈরি করল এই মূল্যবৃদ্ধি।

বিশ্ববাজারে অশান্তির আবহে জ্বালানির দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেল। মঙ্গলবার থেকে দেশজুড়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা পর্যন্ত বেড়েছে। এর আগেই ১৫ মে কেন্দ্র সরকার প্রতি লিটারে ৩ টাকা দাম বাড়িয়েছিল। তার এক সপ্তাহও কাটেনি, ফের মূল্যবৃদ্ধি কার্যকর হল।

কলকাতায় পেট্রোলের দাম মঙ্গলবার সকাল থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা প্রতি লিটার। আগে যা ছিল ১০৮ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ এক ধাক্কায় ৯৬ পয়সা বেড়েছে দাম। ডিজেলের ক্ষেত্রেও একই ছবি। ৯৫ টাকা ১৩ পয়সা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ৯৬ টাকা ০৭ পয়সা প্রতি লিটার।

রাজধানী দিল্লিতে পেট্রোলের নতুন দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা প্রতি লিটার, যা আগে ছিল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৫৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম পৌঁছেছে ১০৭.৫৯ টাকায় এবং ডিজেল ৯৪.০৮ টাকায়।

চেন্নাইতেও জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি হয়েছে। সেখানে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৯৬.১১ টাকা প্রতি লিটার। তবে চারটি মেট্রো শহরের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি রেকর্ড হয়েছে কলকাতাতেই।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের সংঘাত পরিস্থিতির কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। তার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও।

শুধু পেট্রোল-ডিজেল নয়, বাড়ছে সিএনজি-র দামও। দিল্লি-এনসিআর এলাকায় রবিবার থেকে প্রতি কেজি সিএনজি-র দাম আরও ১ টাকা বেড়েছে। বর্তমানে দিল্লিতে সিএনজি-র দাম দাঁড়িয়েছে ৮০.০৯ টাকা প্রতি কেজি। নয়ডা ও গাজিয়াবাদে সেই দাম বেড়ে হয়েছে ৮৮.৭০ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্থিরতা না কমলে আগামী দিনে জ্বালানির দামে আরও চাপ তৈরি হতে পারে বলেই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ফলে সাধারণ মানুষের নিত্যদিনের খরচে নতুন বোঝা বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন