নিজস্ব প্রতিবেদন | কলকাতা: বছরের পর বছর ধরে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ মামলার শুনানি হয়েছে একাধিকবার, কিন্তু কোনও স্থায়ী সমাধান মেলেনি। অবশেষে সেই হতাশা কাটিয়ে দেখা দিল আশার আলো।
সম্প্রতি সুপ্রিম কোর্টে হওয়া শুনানিতে বিচারপতিরা রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন কর্মীদের অন্তত ৫০ শতাংশ ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার কথা। এই মন্তব্যে চরম উৎসাহিত সরকারি কর্মীদের একাংশ।শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবীরা আদালতের সামনে তুলে ধরেন বর্তমান আর্থিক সংকটের চিত্র। তাঁদের দাবি, একসঙ্গে এত বড় অঙ্কের ডিএ মেটানো রাজ্যের পক্ষে প্রায় অসম্ভব।


আপাতত ৫০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা? আজ সবার নজর সুপ্রিম কোর্টে

তবে বিচারপতিরা রাজ্যের এই যুক্তিকে পুরোপুরি মানতে রাজি হননি। তাঁদের পর্যবেক্ষণে উঠে আসে, কর্মীদের প্রাপ্য ডিএ মেটানো সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। আজ, শুক্রবার, ফের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, দুপুর ২টো নাগাদ। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানি করবেন।
উল্লেখ্য, এর আগে ১৮ বার এই মামলার শুনানি পিছিয়েছে, এমনকি চলতি সপ্তাহেও তা পিছিয়ে গিয়েছিল। এবার আদালত জানিয়েছে, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। ফলে আজকের দিনটি হতে পারে টার্নিং পয়েন্ট।


বিচারপতিদের সামগ্রিক মনোভাব ও পর্যবেক্ষণ থেকে অনেকেই মনে করছেন, এই মামলার রায় শেষ পর্যন্ত কর্মীদের পক্ষেই যেতে পারে। যদি এমনটা হয়, তবে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ-র একটা বড় অংশ ফিরে পেতে পারেন। এই সম্ভাবনা স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে সরকারি কর্মীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। বিভিন্ন কর্মী সংগঠন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে।







