৭২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলে প্রখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস (Pankaj Udhas Death) সোমবার তাঁর পরিবারের তরফে এই খবর প্রকাশ্যে আনা হয়েছে। বার্ধক্যজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে বলে খবর। দীর্ঘদিন ধরেই রোগভোগে ভুগছিলেন, চিকিৎসাও চলছিল, তবে শেষ রক্ষা করা সম্ভব হল না। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত তথা বিনোদন জগতে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
প্রয়াত শিল্পীর পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, আজ, ২৬ ফেব্রুয়ারি পদ্মশ্রী পঙ্কজ উদাসের জীবনাবসান ঘটেছে। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।’ পঙ্কজ উদাসের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন তারকারা। গায়ক সোনু নিগম লিখেছেন, ‘আমার শৈশবের একটা অংশ হারিয়ে গেল। আপনি নেই ভেবেই আমার হৃদয় কাঁদছে।’ সোমবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। দীর্ঘদিন ধরেই সেখানে চিকিৎসা চলছিল তাঁর।

১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে জন্ম হয়েছিল পঙ্কজ উদাসের (Pankaj Udhas)। ছোট থেকেই বাড়িতে গানের আবহে বেড়ে ওঠা তাঁর। মাত্র ৬ বছর বয়সেই তাঁর সঙ্গীত জীবন শুরু হয়। ১৯৮০ সালে গজল অ্যালবামের মুক্তি দিয়ে কেরিয়ারের পথচলার সূচনা ঘটে। গজল (Ghazal) গায়ক হিসেবে তিনি জগৎ বিখ্যাত। তবে গজল ছাড়াও বলিউডের একাধিক জনপ্রিয় গান রয়েছে আজকের ঝুলিতে। ১৯৯৩ সালের ‘নাম’ সিনেমার ‘চিঠি আয়ি হে’ গান আজও সমানভাবে জনপ্রিয়।
প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস, শোকের ছায়া সঙ্গীত জগতে

নিজের গান দিয়ে নব্বইয়ের দশকে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন পঙ্কজ উদাস। ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘চান্দি জ্যায়সা রঙ’, ‘না কাজরে কি ধার’- পঙ্কজ উদাসের গাওয়া এমন অনেক গান শ্রোতাদের মনে গেঁথে রয়েছে। তাঁর চলে যাওয়ায় সঙ্গীত জগতের একটা বড় অংশ শূন্য হয়ে গেল।



