পানিহাটিতে বোমা বিস্ফোরণ, আহত ৩ বিজেপি সমর্থক, উত্তপ্ত উত্তর ২৪ পরগনা

চন্দ্রনাথ রথ খুনের ঘটনার পর ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। পানিহাটিতে বোমা বিস্ফোরণে আহত ৩ বিজেপি সমর্থক, তদন্তে নেমেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তর ২৪ পরগনায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার গভীর রাতে পানিহাটিতে বোমা বিস্ফোরণে আহত হলেন তিন বিজেপি সমর্থক। মোটরবাইকে এসে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চরম আতঙ্ক। ইতিমধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় মোতায়েন করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুল সংলগ্ন দত্ত রোড এলাকায় বুধবার রাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন কয়েক জন বিজেপি কর্মী-সমর্থক। সেই সময় মোটরসাইকেলে করে কয়েক জন যুবক সেখানে এসে আচমকা বোমা ছোড়ে বলে অভিযোগ। বিস্ফোরণে আহত হন তিন জন বিজেপি সমর্থক। তাঁদের পায়ে গুরুতর আঘাত লাগে। দ্রুত তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থলটি স্থানীয়ভাবে অত্যন্ত স্পর্শকাতর বলেই পরিচিত। এলাকাটি ‘অভয়ার মা’-র বাড়ির কাছাকাছি বলেও জানা গিয়েছে। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন তিনি। ফলে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

বিজেপির অভিযোগ, হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। পরিকল্পিতভাবেই তাঁদের কর্মীদের নিশানা করা হয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর কয়েক ঘণ্টা আগেই উত্তর ২৪ পরগনার দোহারিয়া এলাকায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে। সেই ঘটনায় গুরুতর জখম হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরা। রাতেই ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। পাশাপাশি পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

চন্দ্রনাথ খুনের তদন্তে ইতিমধ্যেই নেমেছে সিআইডি। বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে।

এর মধ্যেই বসিরহাট থেকেও গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে এক বিজেপি কর্মীর। রোহিত রায় ওরফে চিন্টু নামে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত