বয়কটের নাটক থামছেই না, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে ফের নতুন শর্ত পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন বিতর্ক। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে বাংলাদেশকে ফেরানোর শর্ত জুড়ল পাকিস্তান, আইসিসির চাপেও অনড় PCB।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তাপ, আর সেই উত্তাপেই ফের ঘি ঢালল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে একের পর এক সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে Pakistan Cricket Board (PCB)। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর এ বার সেই বয়কট তুলে নিতে নতুন শর্ত জুড়ে দিল পাকিস্তান—আর তাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।

পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশকে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা না হলে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। উল্লেখযোগ্য ভাবে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ নির্ধারিত থাকলেও, PCB আগেই জানিয়ে দিয়েছে তারা সেই ম্যাচ খেলবে না।

এই টানাপোড়েনের মূল কারণ বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া। International Cricket Council (ICC) বাংলাদেশের নাম ছেঁটে দেয়, কারণ হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি তোলে। সূত্রের খবর, এই দাবির নেপথ্যে ছিল তারকা পেসার Mustafizur Rahman-কে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হওয়া ক্ষোভ।

বাংলাদেশ বোর্ডের সেই দাবি মানতে রাজি হয়নি আইসিসি। ভোটাভুটিতে বিষয়টি গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় ব্যবধানে হেরে যায়। তবুও নিজেদের অবস্থানে অনড় থাকে তারা। শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেয় আইসিসি এবং স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার ছাড়পত্র দেওয়া হয়।

বাংলাদেশ বাদ পড়ার পরই পুরো বিষয়টিকে রাজনৈতিক রং দিতে শুরু করে পাকিস্তান। PCB নিজেদের সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়—বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। এই অবস্থানেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

পাকিস্তানের এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছে আইসিসি। বোর্ড সূত্রে খবর, এমন বয়কটের জেরে পাকিস্তানকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপ—সব দিক থেকেই চাপ বাড়ছে PCB-র উপর।

এই পরিস্থিতিতে ক্রিকেট মহলের একাংশ মনে করছে, চাপ আরও বাড়লে খুব বেশি দিন অনড় থাকতে পারবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত ইউ-টার্ন নিতে বাধ্য হতে পারে PCB—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন