টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই জটিল আকার নিচ্ছে আইসিসি বনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংঘাত। ভারতে ম্যাচ খেলবে না—এই অবস্থানে অনড় বাংলাদেশ। সেই জেদেরই পরিণতিতে এবার বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তানের নাম। একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে।
শনিবার Bangladesh Cricket Board আনুষ্ঠানিক ভাবে International Cricket Council-এর কাছে গ্রুপ পরিবর্তনের আবেদন জানায়। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি সেই দাবি স্পষ্টভাবে খারিজ করে দেয়। এরপরই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কার্যত আইসিসির উপর চাপ বাড়ানোর পথে হাঁটল Pakistan Cricket Board।


পাকিস্তান-বাংলাদেশ সমীকরণ কেন এত ঘনিষ্ঠ?
গত কয়েক মাসে পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক উল্লেখযোগ্য ভাবে উষ্ণ হয়েছে। ২০২৫ এশিয়া কাপ আয়োজনের সময় দুই বোর্ড ঘনিষ্ঠ ভাবে কাজ করে। সেই সময় PCB চেয়ারম্যান মহসিন নকভিকে সমর্থন করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পাল্টা হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ডাকার দাবিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন নকভি। ক্রিকেট কূটনীতির সেই সমীকরণই এবার বিশ্বকাপ বিতর্কে প্রকাশ্যে এল।
একাধিক রিপোর্টে দাবি, বাংলাদেশ সরকারের তরফে সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্বকাপ ইস্যুতে কূটনৈতিক ও ক্রিকেটীয় সহায়তার আবেদন জানানো হয়েছে। পাকিস্তান নাকি আশ্বাসও দিয়েছে—বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো না হলে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে নতুন করে ভাববে।
আইসিসির উপর বাড়ছে চাপ
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পরে পাকিস্তানও যদি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে, তা হলে আইসিসির উপর প্রবল চাপ তৈরি হবে। কারণ, পূর্ণ সদস্য দুই দেশ যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তা হলে বিশ্বকাপ আয়োজনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।


অনেকের ধারণা, ভারতের বিরোধিতাই এই অবস্থানের অন্যতম কারণ। যদিও এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ভাবে কোনও বয়কটের ঘোষণা করেনি, তবে রিপোর্টে প্রকাশিত এই হুঁশিয়ারিই ক্রিকেট মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে।
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। হাতে সময় খুব কম। ফলে এই জট দ্রুত কীভাবে মেটায় আইসিসি, সেদিকেই এখন নজর ক্রিকেটবিশ্বের।







