নির্মলার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগ!

কর্নাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি নির্মলার বিরুদ্ধে প্রথম এই অভিযোগ আনেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। অভিযোগ, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করেছেন অর্থমন্ত্রী। কর্নাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি নির্মলার বিরুদ্ধে প্রথম এই অভিযোগ আনেন। শনিবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এফআইআর-এর নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, শুধুমাত্র নির্মলা সীতারামন নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কর্ণাটক বিজেপি নেতা নলিন কুমার কাটেল এবং বি ওয়াই বিজয়েন্দ্রের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিয়ে ‘ভয়’ দেখিয়ে হাজার হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল। দেখা গিয়েছে, ইডি, আয়কর দফতর বা সিবিআইয়ের অভিযানের ঠিক আগে বন্ডে অনুদান দিয়েছে অনেক সংস্থা। এরপর সেই সংস্থাগুলিকে কাজের বরাত পাইয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বলেই অভিযোগ।

গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। পাশাপাশি, দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা শীর্ষ আদালতে আবেদন করে জানিয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই সুবিধা পাওয়ার জন্য বন্ডের মাধ্যমে শাসক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসময় দাবি করেন, ভোটে কালো টাকা ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যেই নির্বাচনী বন্ড প্রকল্প চালু করা হয়।

আজ আদালতের তরফে নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হলে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন। পাল্টা বিজেপি ‘মুডা’ মামলা নিয়ে সিদ্দারামাইয়ার সমালোচনা করেছে। তবে, কংগ্রেস সাফ বলেছে, বিজেপি নির্মলা সীতারামনকে রক্ষা করেছে।বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগেই বলেন, ‘‘নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি। আর এর মাস্টারমাইন্ড নরেন্দ্র মোদি।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন