নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহতেই পাটনায় বিরোধী দলগুলির একটি বৈঠক হয়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সহ অবিজেপি রাজ্যগুলি প্রতিনিধিত্ব করেছিল বৈঠকে। কিন্তু জাতীয় স্তরে একজোট হওয়ার কথা বললেও রাজ্য স্তরে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বাংলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে চলেছে কংগ্রেস-সিপিএম। পাল্টা জবাব দিতে ছাড়ছে না ঘাসফুল শিবির। এমত অবস্থায় প্রশ্ন উঠছে শিমলার বৈঠক কী সম্ভব হবে?
আরও পড়ুন: দিনহাটায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি! জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের


গত বিধানসভা নির্বাচনেই জোট বেঁধে ময়দানে নেমেছিল সিপিএম-কংগ্রেস। কিন্তু ফলাফলের নীরিখে তারা বিধানসভায় ছিল শূন্য। অন্যদিকে, বিপুল আসন নিয়ে তৃতীয়বার ক্ষমতা দখলে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসন্ন পঞ্চায়েত ভোটেও একসঙ্গে জোট বাঁধছে বাম-কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জাতীয় স্তরে যদি বিজেপি তাঁদের প্রতিপক্ষ হয় তবে রাজ্যস্তরে সিপিএম ও কংগ্রেসের লড়াই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। গত ২৩ জুন পাটনায় বিরোধীদের বৈঠক হয়। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজোট হয়ে লোকসভায় লড়াই করার বার্তা দিয়েছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, “যে নীতি এবং আদর্শের ওপর ভারত দাঁড়িয়ে আছে তার ভিতে আক্রমণ চালাচ্ছে বিজেপি, আরএসএস, এটা আদর্শের লড়াই আর এখানে আমরা সবাই একসঙ্গে আছি।”

বিরোধী বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরও বলেছিলেন, “আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা একসঙ্গেই কাজ করব। আমাদের আদর্শকে আমরা রক্ষা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া আজ শুরু হল এবং এটা আমরা এগিয়ে নিয়ে যাব।” কিন্তু বাংলায় দেখা গিয়েছে অন্য ছবি। পঞ্চায়েত নির্বাচনের আগেই শুরু হয়েছে তৃণমূল-বাম-কংগ্রেস সংঘাত।



অন্যদিকে, কংগ্রেস এবং আপের মধ্যেও তরজা শুরু হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের দল এবং কংগ্রেস কী একমঞ্চে উঠবে? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এই অবস্থায় ওয়াকিবহাল মহলের অনেকেই ‘সোনার পাথরবাটি’ বলছেন। তবে প্রতিবারই লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে জোট গঠন করা হয়। তবে নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে বিরোধী দলগুলি একসঙ্গে জোট বেঁধে ময়দানে নামবে কি না সেদিকেও নজর থাকবে।
পঞ্চায়েতে বাংলায় তৃণমূল-বাম-কংগ্রেস তরজা, প্রশ্নের মুখে বিরোধী জোটের শিমলা বৈঠক!








