নজরবন্দি ব্যুরোঃ দিনে দিনে রং বদলাচ্ছে করোনা কিন্তু সব ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর না, এই ব্যাপারে বারবার সতর্ক করেছেন গবেষকরা। আর এবার গোটা বিশ্বে যখন ওমিক্রনের আতঙ্ক তুঙ্গে ঠিক তখনই সামনে এল করোনা আরও এক নতুন ভ্যারিয়েন্ট। সাইপ্রাসের এক ভাইরোলজিস্ট দাবি করেছেন, নতুন ওই স্ট্রেনে ডেল্টা ও ওমিক্রন উভয় ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্যই বর্তমান। তাই তিনি এই ভ্যারিয়েন্টের নামকরণ করেছেন ডেল্টাক্রন।
আরও পড়ুনঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বন্ধ হল কামারপুকুর মঠের দরজা


ইউনিভার্সিটি অব সাইপ্রাসের, বায়োটেকনোলজি ও মলিকুলার ভাইরোলজির ল্যাবরেটরি বিভাগের প্রধান লিওনদিওস কোস্ত্রিকিস এই নতুন স্ট্রেনের কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ২৫ জনের নমুনায় সেই স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে। তাঁর দাবি, নতুন স্ট্রেনে একইসঙ্গে রয়েছে ডেল্টা ও ওমিক্রনের বৈশিষ্ট্য।
লিওনদিওস কোস্ত্রিকিস নামে ওই গবেষক ও তাঁর টিম ২৫ জন করোনা আক্রান্তের নমুনায় সেই স্ট্রেনের উপস্থিতি লক্ষ্য করেছে। নমুনাগুলি জিআইএসএআইডি (GISAID)-তে পাঠিয়েছে। এই GISAID-তেই ভাইরাসের চরিত্র পরিবর্তন সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ করা হয়। গত ৭ জানুয়ারি ওই ২৫ জন আক্রান্তের নমুনা সংক্রান্ত সব রিপোর্ট জিআইএসএআইডি-তে পাঠিয়েছে সাইপ্রাসেই ওই গবেষক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও পর্যন্ত এই ডেল্টাক্রন ভ্যারিয়েন্টকে মান্যতা দেয়নি।
সত্যিই কি উদ্বেগের?


ডেল্টাক্রন কতটা ভয়ঙ্কর বা আদৌ এই নিয়ে উদ্বেগের কোনও কারণ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও লিওনদিওস কোস্ত্রিকিসের বক্তব্য, অবিলম্বে ওমিক্রনের জায়গা নিয়ে নিতে চলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। তবে অনেক ভাইরোলজিস্ট দাবি করেছেন যে, ডেল্টাক্রন সম্ভবত করোনার কোনও নতুন ভ্যারিয়েন্ট নয়। কারণ, ভাইরাসের ফাইলোজেনিক ট্রি অর্থাৎ যার মাধ্যমে নতুন রূপগুলোকে চিহ্নিত করা হয়, সেখানে এরকম কোনও স্ট্রেনের উল্লেখ পাওয়া যাচ্ছে না।
মরার ওপর খাড়ার ঘা, হদিশ মিলল নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রনের

বিশিষ্ট ভাইরোলজিস্ট টিম পিককের বক্তব্য, মাত্র কয়েক সপ্তাহ হয়েছে ওমিক্রনকে সঠিকভাবে চিহ্নিত করা গিয়েছে। এত দ্রুত নতুন কোনও ভ্যারিয়েন্ট আসা সম্ভব কি না, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিকের বক্তব্য, এমন অনেক তথ্য সামনে আসতে পারে। তার মধ্যে সবটা সত্যি বা শুদ্ধ নাও হতে পারে। ডেল্টাক্রন নিয়ে আলাদাভাবে উদ্বেগের কারণ আছে বলে মনে করছেন না তিনি।







