নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হবে, শুধু নিজে ভাল খেললে হবে না! বিরাটকে বললেন সৌরভ গাঙ্গুলি। এ বছরের শেষদিকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় গিয়ে মাঠে নামার আগে ১৪ দিনের জন্য হোটেল বন্দি হয়ে থাকতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের।
এতদিন কোয়ারেন্টিনে থাকার শর্তে অখুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছেন। সাথে সাথে তিনি কিন্তু এ বার কোহালিদের কাজটা আগের বারের থেকেও কঠিন বলে মনে করেন । চ্যালেঞ্জ আগের থেকে কঠিন হলেও প্রাক্তন ভারত অধিনায়কের পূর্ণ আস্থা রয়েছে ‘চিফ’ কোহালির উপরে।


আরও পড়ুনঃ আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ, কি বললেন তিনি?
অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হবে প্রসঙ্গে সৌরভ বলেন, ”বিরাটকে আমি চিফ বলেই ডাকি। আমি ওকে বলেছি, তুমি বিরাট কোহালি। তুমি নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছো। দল নিয়ে যখন খেলতে নামো, তখন সবাই তোমার দিকেই তাকিয়ে থাকে। তোমার কাছ থেকে আমার অনেক প্রত্যাশা। অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু নিজে ভাল খেললে হবে না, জিতে ফিরতে হবে।” সিরিজ শুরুর আগেই অগ্রজ অধিনায়ক বার্তা পাঠালেন অনুজকে।









