ঢাকায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও, তাঁর বদলে প্রতিনিধি হিসেবে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা—এমনটাই জানাল ভারতের বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের স্বীকৃতি হিসেবেই এই প্রতিনিধিত্ব। পাশাপাশি দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের সম্মানও এই উপস্থিতির মাধ্যমে প্রতিফলিত হবে বলে জানানো হয়েছে।


সদ্য সমাপ্ত বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামী মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে অংশ নিতে মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারতের পাশাপাশি তালিকায় রয়েছে পাকিস্তান, চিন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।
কূটনৈতিক মহলের মতে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধির উপস্থিতি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।









