নির্ধারিত দিনের আগেই ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে সশরীরে হাজিরা দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। ২৪ জানুয়ারি নুসরতকে হাজিরা দেবার নির্দেশ ছিল। সেক্ষেত্রে চার দিন আগেই আদালতে পৌঁছে গেলেন তিনি। এদিন সকাল ১১টা নাগাদ আলিপুর কোর্টে হাজির হন অভিনেত্রী।
আরও পড়ুন: উদ্বোধনের আগেই অ্যামাজনে দেদার বিক্রি রামমন্দিরের প্রসাদ! বিপণী সংস্থাকে নোটিস কেন্দ্রের
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরত জাহানকে (Nusrat Jahan) প্রায় ৬ ঘন্টা জেরা করে ইডি। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। এরপর নিম্ন আদালত নুসরতকে হাজিরা দেবার নির্দেশ দেয়। আপত্তি জানান অভিনেত্রী। তাঁর বক্তব্য ছিল, আইনজীবী গিয়ে হাজিরা দেবেন। সে দাবি মানেনি নিম্ন আদালত।

এরপর নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে জাজেস কোর্টে আবেদন করেন নুসরত (Nusrat Jahan)। সেখানেও খারিজ হয়ে যায় তাঁর দাবি। সশরীরে হাজিরা দেবার নির্দেশকেই বহাল রাখে জাজেস কোর্ট। নির্দেশ ছিল, ২৪ জানুয়ারি নুসরতকে হাজিরা দিতে হবে। কিন্তু চার দিন আগে ২০ তারিখই যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী। এদিন আদালতে আইনজীবী মারফত বন্ড দেন নুসরত (Nusrat Jahan)।

ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নয়া মোড়? যশকে সঙ্গে নিয়ে আদালতে সশরীরে হাজিরা নুসরতের
গত বছর নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ ওঠে। এরপর সাংবাদিক সম্মেলন করে সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিনেত্রী। সেভেন সেন্স ইন্টারন্যাশনালের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে তাঁর নাম জড়ায়। ২০১৪-১৫ সালে এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তিনি। অভিযোগ, নুসরতের সংস্থা ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কেউ টাকা পায়নি।

এরইমধ্যে পাম অ্যাভিনিউয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনেন নুসরত জাহান (Nusrat Jahan)। অভিযোগ করা হয়, ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের থেকে টাকা নিয়ে নিজের জন্য ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। যদিও নুসরত দাবি করেছেন, তিনি ওই সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলেন, যা সুদ সমেত শোধ করে দিয়েছেন।



