রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কালিম্পংয়ের গৌরীপুর হাউস থেকে মংপুর রবীন্দ্র ভবন—উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থাপনাগুলির সংরক্ষণ ও পুনরুদ্ধারে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। ২৭ ও ২৮ নভেম্বর কালিম্পং, গৌরীপুর হাউস এবং মংপু পরিদর্শন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ঐতিহাসিক স্থাপনাগুলির বর্তমান অবস্থা, চলমান সংরক্ষণ কাজের অগ্রগতি এবং ভবিষ্যতে নতুন সংস্কার প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখেন তিনি।
এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে ডঃ গ্রাহামস হোমসের (Dr Graham’s Homes) প্রাঙ্গণে অবস্থিত ক্যাথরিন গ্রাহাম মেমোরিয়াল চ্যাপেল। দীর্ঘদিনের শিক্ষা, মানবসেবা ও সহমর্মিতার ঐতিহ্য বহনকারী এই ধর্মীয় স্থাপনাটির সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয়। রাজ্যের ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচির আওতায় চ্যাপেলটির সংস্কারের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে।
কালিম্পংয়ের গৌরীপুর হাউস (Gouripur House) এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। রবীন্দ্রনাথ ঠাকুরের পাহাড়ে থাকার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাড়ি। বাংলার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিকে সংরক্ষণ করে পর্যটকদের কাছে নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বাড়িটির পুনরুদ্ধার সম্পূর্ণ হলে কালিম্পংয়ে ঐতিহ্যভিত্তিক পর্যটনের নতুন সুযোগ তৈরি হতে পারে।
মংপুতে গিয়ে প্রতিমন্ত্রী পরিদর্শন করেন রবীন্দ্র ভবন (Rabindra Bhavan) এবং ঐতিহাসিক সিনকোনা বাগান (Cinchona Plantation)। ১৯৩৮ থেকে ১৯৪০ সালের মধ্যে একাধিকবার মংপুতে এসেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্র ভবন সেই সফর, কবির অবস্থান এবং সাহিত্যচর্চার স্মৃতি বহন করে। অন্যদিকে, সিনকোনা বাগান এই অঞ্চলে কুইনাইন উৎপাদন এবং জনস্বাস্থ্যের ইতিহাসের সঙ্গে যুক্ত।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পাহাড় থেকে সমুদ্র—পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে সংরক্ষণ এবং পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই কাজের দায়িত্বে থাকা রাজ্যের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা অধিদপ্তরের (Directorate of Archaeology and Museums) আওতায় ভবিষ্যতে কোন কোন প্রকল্প নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলার ঐতিহ্য পুনরুদ্ধারের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কাজ এগিয়ে নিয়ে যেতে তিনি উদ্যোগী। ঐতিহাসিক স্থাপনাগুলির সংরক্ষণের পাশাপাশি সেগুলিকে কেন্দ্র করে পর্যটন এবং সাংস্কৃতিক সচেতনতা বাড়ানোও এই উদ্যোগের লক্ষ্য।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের প্রকল্প তালিকাতেও গৌরীপুর হাউস, ক্যাথরিন গ্রাহাম মেমোরিয়াল চ্যাপেল এবং মংপুর রবীন্দ্র ভবনের নাম রয়েছে। ফলে এই পরিদর্শনকে ওই ঐতিহ্যস্থলগুলির সংরক্ষণ ও সংস্কারের পরবর্তী পর্যায়ের কাজ পর্যালোচনার অংশ হিসেবেও দেখা হচ্ছে।



