প্রেম করে বিয়ে করেছিলেন মেয়ে। সেই বিয়ে মেনে নিতে না পেরে জামাইয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল শ্বশুর ও পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ধাইখন্ড গ্রামের এই ঘটনায় শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়ায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেয়ের বাবা আসগর সরকার। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাইখন্ড গ্রামের বাসিন্দা জসীমউদ্দিন খানের সঙ্গে পাশের খুড়শি গ্রামের আয়েশা সরকারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত অক্টোবর মাসে তাঁরা বিয়ে করেন। অভিযোগ, এই বিয়ে মেনে নিতে পারেননি আয়েশার পরিবারের সদস্যরা। বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিরোধ গড়ায় আদালত পর্যন্ত।
তবে পারিবারিক অশান্তির মধ্যেও স্বামীর সঙ্গে সংসার করার সিদ্ধান্তে অনড় ছিলেন আয়েশা। বাবার বাড়িতে ফিরে যেতে রাজি হননি তিনি। জসীমউদ্দিনের অভিযোগ, এর পর থেকেই তাঁদের উপর চাপ বাড়তে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে, প্রায় ১টা নাগাদ একদল লোক তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালানোরও অভিযোগ
জসীমউদ্দিনের দাবি, হামলাকারীরা তাঁর বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ে। সেই সঙ্গে গুলি চালানোর অভিযোগও তুলেছেন তিনি। এই ঘটনার পিছনে আয়েশার বাবা আসগর সরকার রয়েছেন বলে অভিযোগ জামাইয়ের। তাঁর দাবি, আগেই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল।
তবে জসীমউদ্দিনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আসগর সরকার। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলেও দাবি করেছেন তিনি। আসগরের পাল্টা অভিযোগ, তিনি মেয়ের বাড়িতে গেলেও জামাইয়ের পরিবারের লোকজন তাঁকে বসিয়ে রেখে সেখান থেকে চলে যান। দুই পরিবারের সম্পর্ক খারাপ হওয়ার জন্য জসীমউদ্দিনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
ঘটনাস্থলে বোমা বা গুলির চিহ্ন মেলেনি, জানাল পুলিশ
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। তবে তদন্তকারীদের দাবি, ঘটনাস্থলে গিয়ে বোমা বিস্ফোরণ বা গুলি চালানোর কোনও স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতা নরেশ ঘোষের। তাঁর বক্তব্য, বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে। তবে বোমাবাজি বা গুলি চালানোর অভিযোগের সত্যতা এখনও পুলিশের তদন্তে প্রতিষ্ঠিত হয়নি। দুই পরিবারের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যেই ঘটনার প্রকৃত কারণ ও হামলার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।



