বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বুধবার বিহারে বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী দল, আরজেডি-এর এক মহিলা বিধায়ককে তীব্র ভাষায় অপমান করেছেন বলে অভিযোগ নীতিশের বিরুদ্ধে। নীতিশ সমগ্র নারীজাতিকে অপমান করেছেন বলে সরব আরজেডি নেতা তেজস্বী যাদব। ব্যাপারটা ঠিক?
বুধবার বিহার বিধানসভায় ভাষণ দিচ্ছিলেন নীতিশ কুমার। সেই সময় বিরোধী মহল থেকে বার বার আওয়াজ উঠছিল। ‘হায় হায় নীতিশ কুমার’ বলে স্লোগান দিচ্ছিলেন বিরোধী বিধায়কেরা। এমন সময়েই মেজাজ হারান নীতিশ। আরজেডি-এর এক মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, “আরে, তুমি একজন মহিলা, তুমি কিচ্ছু জানো না! কোথা থেকে আসে এরা? বলেই যাচ্ছে! ফালতু যত্তসব! চুপচাপ শোনো।” এর মধ্যেও বিরোধীরা আওয়াজ তুলতেই থাকে। নীতিশ আবার বলেন, “কি হল, শুনবে না? আমি তো শোনাবই। আপনারা না শুনলে সেটা আপনাদের ভুল।”

প্রসঙ্গত, গত মাসে পাটনা হাই কোর্ট বিহার সরকারের সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের সীমা ৬৫ শতাংশে বাড়ানোর সিদ্ধান্তকে খারিজ করে। নীতিশ কুমারের সরকার এই সপ্তাহে আরেকটি ধাক্কার সম্মুখীন হয় যখন এনডিএ সরকার, যার মধ্যে নীতিশের দল জনতা দল ইউনাইটেড বা জেডিইউ-ও একটি অংশ, বলে, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য কোনও মামলাই করা হয়নি।
তুমি একজন মহিলা, তুমি কিচ্ছু জানো না! নীতিশ-মন্তব্যে তোলপাড় দেশ
এদিন বিধানসভায় নীতিশ বলেন, পাটনা হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। তা সত্ত্বেও বিরোধীরা নীতিশকে কটাক্ষ করতেই থাকেন। আরজেডি বিধায়কের প্রতি নীতিশের এই মন্তব্যের তীব্র বিরোধীতা জানিয়েছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আপনি একজন মহিলা বলে আপনি কিছু জানেন না? মহিলাদের বিরুদ্ধে সস্তা, অবাঞ্ছিত, অসভ্য, অভদ্র এবং নিম্নস্তরের মন্তব্য করা মাননীয় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অভ্যাসে পরিণত হয়েছে। এটি রাজ্যের জন্য একটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগের বিষয়।”



