শওকত মোল্লাকে গ্রেফতারের পর তদন্তে আরও সক্রিয় হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাঁর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এখন সেই ফোনগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তদন্তকারীদের ধারণা, বিস্ফোরণ-পরবর্তী সময়ের যোগাযোগের সূত্র মিলতে পারে এই ডিভাইসগুলি থেকেই।
এনআইএ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। বিস্ফোরণের ঘটনার পর শওকত মোল্লার সঙ্গে কারা যোগাযোগ করেছিলেন, তিনি কাদের সঙ্গে কথা বলেছেন বা বার্তা আদানপ্রদান করেছেন— সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। কল রেকর্ড, মেসেজ, চ্যাট হিস্ট্রি এবং অন্যান্য ডিজিটাল তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।


তদন্তে আরও উঠে এসেছে, গ্রেফতারি এড়াতে আগাম জামিনের চেষ্টা চলছিল বলে সন্দেহ করা হচ্ছে। এনআইএ-র দাবি, শওকতের এক ঘনিষ্ঠ ব্যক্তির মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। সেই সূত্রেই শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।
এর আগে ৪ জুন ভোরে শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বাড়িতে তালা ঝুলতে দেখে আশপাশের এলাকায় খোঁজখবর শুরু করেন এনআইএ আধিকারিকরা। পাশাপাশি তাঁর কার্যালয়েও তল্লাশি চালানো হয়। তদন্তের স্বার্থে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়।
শওকতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া তাঁর স্ত্রী ও মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এলাকায় বিস্তৃত তল্লাশি অভিযান চালানো হলেও প্রথম দফায় শওকতের কোনও খোঁজ মেলেনি।


তদন্তকারী সংস্থার দাবি, তদন্তের চাপ বাড়তেই আত্মগোপনে চলে গিয়েছিলেন শওকত মোল্লা। এমনকী, দেশ ছেড়ে পালানোর পরিকল্পনাও তিনি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সীমান্তবর্তী কিছু রুট সম্পর্কে খোঁজখবর নেওয়ার তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের দাবি।
তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত শওকত মোল্লা বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তদন্তকারীদের দাবি এখনও যাচাই-সাপেক্ষ।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের কামালগাছি এলাকা থেকে শওকত মোল্লাকে আটক করা হয়। এরপর তাঁকে সরাসরি এনআইএ-র দফতরে নিয়ে যাওয়া হয়। শনিবার মেডিক্যাল পরীক্ষার পর আদালতে পেশ করা হবে তাঁকে।
এখন তদন্তকারীদের মূল নজর বাজেয়াপ্ত মোবাইল ফোনগুলির উপর। ফরেন্সিক রিপোর্টে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, তার উপরই নির্ভর করছে তদন্তের পরবর্তী দিকনির্দেশ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



