রাজা রঘুবংশী হত্যাকাণ্ড ঘিরে রহস্যে জমে উঠেছে গোটা দেশ। একের পর এক নতুন চরিত্রের হদিস পেয়ে ঘটনাটিকে ঘিরে উত্তেজনা বাড়ছে। এবার তদন্তে উঠে এল আরেকটি ‘রহস্যময়’ নাম—অলকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনমের এক ঘনিষ্ঠ বান্ধবী অলকার নাম বারবার উঠে আসছে তদন্তে। রাজার পরিবারের সন্দেহ, রাজা হত্যাকাণ্ডে অলকার ভূমিকা থাকতে পারে। যদিও অলকার ভূমিকা এখনই স্পষ্ট নয়, তবে পুলিশ এই দিকটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।


কে এই অলকা?
স্থানীয় সূত্রে দাবি, সোনম ও অলকার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি, রাজার দাদা বিপিন রঘুবংশী সংবাদমাধ্যমকে জানান,“আমাদের সন্দেহ, এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অলকারও ভূমিকা রয়েছে। পুলিশ যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।”
পরিবারের দাবি:


রাজার পরিবার আরও দাবি করেছে, সোনমের নার্কো টেস্ট হওয়া প্রয়োজন। তাতে অনেক অজানা তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তাঁরা।“সোনম-অলকার সম্পর্ক যথেষ্ট সন্দেহজনক ছিল,” বলেন বিপিন রঘুবংশী।
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অলকার বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে অলকার নাম উঠে আসায় এই মামলার জটিলতা ও রহস্য আরও বেড়েছে।
পেছনের ঘটনা:
২০ মে রাজা ও সোনম মধুচন্দ্রিমার জন্য যান মেঘালয়ে।
২৩ মে থেকে দু’জনই নিখোঁজ হন।
২ জুন রাজার দেহ উদ্ধার হয় চেরাপুঞ্জির সোহরায়।
পরে জানা যায়, সোনম নিখোঁজ ছিলেন না—তিনি মূল অভিযুক্ত।
৯ জুন গ্রেফতার করা হয় সোনমকে।
ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা এবং তিন জন ভাড়াটে খুনিকে।
এবার অলকার যোগসূত্র সামনে আসায় তদন্তে নতুন মোড় এসেছে বলে মনে করছেন তদন্তকারীরা।








