কেন্দ্রীয় বাজেটের ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হল তামাকজাত পণ্যে নয়া কর কাঠামো। শনিবার থেকেই বিড়ি, সিগারেট, গুটখা ও পানমশলার মতো পণ্যের দাম এক ধাক্কায় বেড়ে গেল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে যে অতিরিক্ত শুল্ক ও সেস আরোপের কথা ঘোষণা করা হয়েছিল, তা আজ থেকেই চালু হওয়ায় বাজারে সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, জিএসটি-র এই পরিবর্তনে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য দেশের সবচেয়ে দামি ভোগ্যপণ্যের তালিকায় ঢুকে গেল।
মোদী সরকার আগেই বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যকে ‘পাপ পণ্য’ হিসেবে চিহ্নিত করেছে। সেই নীতির ধারাবাহিকতায় জিএসটি-র নতুন কাঠামোয় তামাক, গুটখা, পানমশলা, মদ এবং কোল্ড ড্রিঙ্কের মতো পণ্যের উপর সর্বোচ্চ কর বসানো হয়েছে। গত ডিসেম্বরেই সংসদে দুটি পৃথক বিল পাশ হয়েছিল, যার মাধ্যমে পানমশলা উৎপাদনে নতুন সেস এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি আরোপের পথ প্রশস্ত হয়।


নতুন কাঠামো অনুযায়ী, সিগারেটের উপর ৪০ শতাংশ জিএসটি কার্যকর হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’ এবং অতিরিক্ত এক্সাইজ ডিউটি। আগে যেখানে ২৮ শতাংশ জিএসটি-র সঙ্গে ক্ষতিপূরণ সেস মিলিয়ে মোট করের পরিমাণ ছিল প্রায় ৫৩ শতাংশ, এবার একাধিক শুল্ক যোগ হওয়ায় মোট করের হার অনেকটাই বেড়ে গেল। তার সরাসরি প্রভাব পড়ছে খুচরো দামে।
সিগারেটে সম্ভাব্য মূল্যবৃদ্ধি (৪০% জিএসটি অনুযায়ী):
-
ছোট নন-ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত): প্রায় ₹২.০৫
-
ছোট ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত): প্রায় ₹২.১০
-
মাঝারি (৬৫–৭০ মিমি): ₹৩.৬ থেকে ₹৪
-
বড় (৭০ মিমির বেশি): সর্বোচ্চ ₹৫.৪
-
কিং সাইজ ও বিশেষ ডিজাইন: সর্বোচ্চ ₹৮.৫ পর্যন্ত
মূল্যবৃদ্ধির আওতায় শুধুমাত্র সিগারেট নয়, রয়েছে গুটখা ও পানমশলাও। নতুন কাঠামোয় গুটখায় কার্যকর করের হার প্রায় ৯১ শতাংশ এবং পানমশলায় প্রায় ৮৮ শতাংশে পৌঁছেছে। ফলে এই পণ্যের দামও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে বাজার বিশেষজ্ঞদের মত।
তবে বিড়ির ক্ষেত্রে ভিন্ন ছবি। বিড়িতে জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। যদিও অতিরিক্ত সেস ও অন্যান্য শুল্কের কারণে সম্পূর্ণ স্বস্তি মিলছে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
সরকারি মহলের দাবি, এই করবৃদ্ধির মূল উদ্দেশ্য জনস্বাস্থ্যের সুরক্ষা এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা। তবে বাস্তবে এর জেরে সাধারণ ভোক্তাদের পকেটেই প্রথম ধাক্কা লাগল—এ কথা অস্বীকার করছেন না বাজার সংশ্লিষ্টরাও।









