ভোটে বাঙালির মন পেতে এবার বিজেপি-র হাতিয়ার ফুটবল, শুরু হচ্ছে ‘নরেন্দ্র কাপ’

বিবেকানন্দের জন্মদিনে শুরু ও নরেন্দ্র মোদির জন্মদিনে শেষ—বাংলা জুড়ে ‘নরেন্দ্র কাপ’ ফুটবল প্রতিযোগিতা ঘিরে চর্চায় রাজনৈতিক মহল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার ফুটবলপ্রেমকে হাতিয়ার করে এবার নতুন উদ্যোগ নিচ্ছে বঙ্গ বিজেপি। বিবেকানন্দের জন্মদিনে বাংলায় শুরু হচ্ছে ‘নরেন্দ্র কাপ’ ফুটবল প্রতিযোগিতা, যা শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর। রাজ্যজুড়ে প্রায় ৪৩টি ছোট প্রতিযোগিতার মাধ্যমে বাছাই হয়ে এই ফুটবল প্রতিযোগিতা চলবে।

বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, এই ‘নরেন্দ্র কাপ’ সম্পূর্ণ অরাজনৈতিক উদ্যোগ। বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবল প্রতিভা তুলে আনাই মূল লক্ষ্য। বুধবার সল্টলেকের এক অনুষ্ঠানে প্রতিযোগিতার থিম সং ও জার্সি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও ক্রীড়াপ্রেমীরাও।

Shamim Ahamed Ads

প্রসঙ্গত, এই টুর্নামেন্টের নাম ও সময়সূচি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্বামী বিবেকানন্দের নাম নরেন্দ্র হলেও দেশের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র মোদি। একদিকে বিবেকানন্দের জন্মদিনে প্রতিযোগিতা শুরু, অন্যদিকে নরেন্দ্র মোদির জন্মদিনে সমাপ্তি। ফলে ‘নরেন্দ্র কাপ’ নামটি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলেছে।

নরেন্দ্র কাপে মোট অংশ নেবে এক হাজার তিনশোর বেশি দল। রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার সমান সংখ্যক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার ও আকর্ষণীয় ট্রফি। দ্বিতীয় স্থানে থাকা দল পাবে ২৫ হাজার টাকা ও ট্রফি, আর তৃতীয় স্থানে থাকা দলের জন্য থাকছে ১৫ হাজার টাকা পুরস্কার।

জ্যোতির্ময় মাহাতো বলেছেন, “বাংলার প্রত্যন্ত এলাকার খেলোয়াড়দের সুযোগ করে দিতে এই উদ্যোগ। প্রতিযোগিতা রাজনীতির বাইরে থেকে পরিচালিত হবে। ভবিষ্যতে সেরা খেলোয়াড়দের বড় জায়গায় পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।” তিনি আরও জানান, “আমরা কারও বিরুদ্ধে নই। যারা রেজিস্ট্রেশন করবে তারা একে অপরের সঙ্গে খেলবে। যে ভালো খেলবে তার জন্য পরবর্তীকালে সুযোগ থাকবে।”

এই ফুটবল প্রতিযোগিতা বাংলার ফুটবল সংস্কৃতিকে নতুন মাত্রা দিতে পারে বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। ফুটবল বাংলার মানুষের অন্যতম প্রিয় খেলা, আর এই নরেন্দ্র কাপ সেই আবেগকে কাজে লাগিয়ে প্রতিভা খুঁজে বের করার চেষ্টা।

এদিকে রাজ্য সরকারও একই সময়ে ‘স্বামী বিবেকানন্দ কাপ’ শুরু করছে। শুক্রবার থেকে শুরু হওয়া সেই প্রতিযোগিতায় ৩৪৮টি খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল হবে ২০২৬ সালের ২৬ মার্চ। ফলে রাজ্যজুড়ে ফুটবলপ্রেমীরা এখন টানা কয়েক মাস ধরে টুর্নামেন্টের স্বাদ পাবেন।

বাংলায় ফুটবলের জনপ্রিয়তা এবং রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির এই পদক্ষেপকে একদিকে যেমন প্রতিভা গড়ার উদ্যোগ বলা হচ্ছে, অন্যদিকে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত