মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে তিনি জানান, যাঁরা কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য রাজ্য সরকার আলাদা স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করবে। ওই প্রকল্পের অধীনে প্রত্যেক যোগ্য উপভোক্তা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।
বর্তমানে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আবেদন ও নথি যাচাইয়ের কাজ চলছে। তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা বাদ পড়বেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।
সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা প্রায় সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনব। কিন্তু যাঁরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা থাকবে। সেখানে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, এই স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ থাকবে না। রাজ্যের বাইরে চিকিৎসার প্রয়োজন হলেও যাতে উপভোক্তারা এই বিমার সুবিধা পান, সেই দিকেও সরকার কাজ করছে।
রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগের ফলে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা কোনও যোগ্য পরিবার চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে না। স্বাস্থ্য খাতে আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুর্শিদাবাদের জনসভা থেকে করা এই ঘোষণা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন মাত্রা যোগ করল। এখন নজর থাকবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার বিস্তারিত নির্দেশিকা এবং বাস্তবায়নের রূপরেখা কবে প্রকাশ করা হয়।






