নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় যোগীকে পাস মার্কস মোদির। শুধু তাই নয় মঞ্চে নিজের পাশেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বসিয়েই প্রশংসা করলেন খোলা মনে। যেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই সকল মহল বারবার আঙুল তুলেছে কোভিড মোকাবিলায় যোগী সরকারের ব্যার্থতার দিকে, সেখানে আজ নমো বললেন করোনা মোকাবিলায় অতুলনীয় কাজ করেছে উত্তরপ্রদেশ।
আরও পড়ুনঃ রাজ্যে গুরুত্ব কমছে সৌমিত্রর! যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন রাজু বিস্তা
রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-সহ সড়ক, জল পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে আজ নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ট্যুইট করে জানিয়েছিলেন, “আজ মাননীয় প্রধানমন্ত্রী গঙ্গা নদীর উপর পর্যটন উন্নয়নের জন্য বারাণসী-গাজীপুর মহাসড়কে রো-রো জাহাজ এবং তিন-লেন ফ্লাইওভার ব্রিজের উদ্বোধন করবেন।”
পরিকল্পনা মতোই আজ বৃহস্পতির সকালে বারাণসী পৌঁছেছেন তিনি। প্রধান কাজ জাপান-ভারত যৌথ উদ্যোগে তৈরি রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন। সঙ্গে রয়েছে একাধিক পরিকল্পনা। সারাদিন ধরেই বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন তিনি। তবে তার আগেই সার্টিফিকেট দিয়েছেন যোগীকে।
করোনা মোকাবিলায় যোগীকে পাস মার্কস মোদির, ওয়াকিবহাল মহল বলছে ড্যামেজ কন্ট্রোল।

সাম্নের বছর পরীক্ষায় বসছেন যোগী। পরীক্ষা বিজেপিরও। বাংলায় হারের পর যোগী রাজ্যে কোন খামতি রাখতে দিচ্ছেনা গেরুয়া শিবির। যোগীকে নিয়ে এর আগেই একাধিক বিতর্ক শুরু হওয়ায় রাশ হাতে রাখতে একাধিক পদে বসিয়েছেন নিজের ঘনিষ্ঠ ব্যাক্তিদের। দলের তরফ থেকে জানানো হয়েছে উত্তরপ্রদেশে যোগীর বিকল্প যোগীই।
আজ তাঁকেই পাশে বসিয়ে দরাজ গলায় দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় যোগী সরকার অতুলনীয় কাজ করেছে। সবচেয়ে জনবহুল রাজ্য হয়েও দেশের মধ্যে সবচেয়ে বেশি কোভিড পরীক্ষা করেছে উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি মানুষের টিকাকরণও করেছে এই রাজ্য।” সঙ্গে ভূয়সী প্রশংসা করেছেন সর্বস্তরের।
করোনা মোকাবিলায় যোগীকে পাস মার্কস মোদির, বহু বিতর্ক আর ব্যার্থতার পরেও প্রধানমন্ত্রীর এই ভূয়সী প্রশংসা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে রাজনৈতিক মহল মনে করছে আজ থেকেই একপ্রকার যোগীকে আগামী বছরের মুখ হিসেবে প্রচার শুরু করলেন নমো। মুখ্যমন্ত্রীর প্রতি এই ভূয়সী প্রশংসা আসলে ড্যামেজ কন্ট্রোল বলেই মনে করছে একাধিক মহল।



