বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলের যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মন্ত্রী। সেখানে থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। বলেছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখে দেবেন তাঁরা। আর এবার সেই সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বদলের ডাক দিলেন।
আর সে সুরে সুর মিলিয়ে আগামী ২৬এ বাংলায় নতুন বিজেপি সরকার হবে বলে দাবি করলেন বিজেপি নেতা তথা মেগাস্টার মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে ধুতি-পাঞ্জাবিও উপহার দেন শাহ। সদ্য দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন। এদিনের দলীয় কর্মসূচীতে সেই মুহূর্তের ঝলক দেখানো হয় মঞ্চে। এর পরেই ভাষণ দিতে উঠেন মিঠুন।


মঞ্চে দাঁড়িয়ে গরম সংলাপের মতো একনাগাড়ে বলে ফেললেন, “আজ অভিনেতা হিসেবে নয়, আমি সেই ষাটের দশকের মিঠুন চক্রবর্তী বলছি। আমি রক্তের রাজনীতি করেছি। তাই রাজনীতির মারপ্যাঁচ আমার কাছে নতুন নয়। জানি, কোন পদক্ষেপে কোন কাজ হবে।” প্রেক্ষাগৃহের মতো হাততালি পড়ে অনুষ্ঠানের দর্শকাসন থেকেও।
এরপর মহাগুরু বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আমি কেন প্রথম সারিতে সক্রিয়ভাবে থাকি না? কিন্তু আজ আপনারা যদি আমাকে জোর গলায় বলেন, বিজেপির সদস্য সংখ্যা ১ কোটি হবে, তবেই আমি আপনাদের ইচ্ছেপূরণ করব। আমিও কথা দিলাম, ২৬-এ এই মসনদ আমাদের হবে। তার জন্যে যা করতে হয় করব। আগামী নির্বাচনে এই সিংহাসন আমাদের হবেই”।








