‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ৮ই অক্টোবর তার হাতে তুলে দেওয়া হবে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান। এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রালয়ের তরফে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন। অর্থাৎ ভারতীয় সিনেমাতে মিঠুন চক্রবর্তীর বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই যে অনবদ্য অভিনয় তারই প্রতিদান হিসেবে তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের তরফে।
৯ অক্টোবর বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসবের শুভ সূচনা অর্থাৎ ঐদিন দেবী দুর্গার বোধন। আর ৮ ই অক্টোবর এই বর্ষিয়ান অভিনেতার হাতে উঠবে ভারতীয় সিনেমার সর্বশ্রেষ্ঠ পুরস্কার। তাই বোধনের আগেই বাঙালির এক অভিনেতার হাতে উঠবে এই পুরস্কার ফলে বাঙালির আবেগে আরও একটি নতুন খুশির পালক যোগ হতে চলেছে ওই দিনে। তিনবার জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার জয়ী মিঠুনকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রীয় মন্ত্রী নিজের এক্স্য হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, “মিঠুন দা’র অসাধারণ সিনেমাটিক যাত্রা প্রজন্মকে অনুপ্রাণিত করে! ‘দাদাসাহেব ফালকে’ সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বলে সম্মানিত। ভারতীয় সিনেমায় তার আইকনিক অবদানের জন্য মিঠুন চক্রবর্তী জি। ৮ই অক্টোবর ২০২৪-এ ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপন করা হবে।”
এ বিষয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, “আমি বলার ভাষা পাচ্ছি না রীতিমতো বাকরুদ্ধ।” এর আগে বাংলা থেকে শেষবার ২০১১-তে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর তাই মিঠুন চক্রবর্তীর এই পুরস্কার পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন এর ঝড়বইতে শুরু করেছে টলিপাড়ায়। রুপা গাঙ্গুলী থেকে শুরু করে অরিত্র দত্ত বনিক, শ্রীলেখা মিত্র, খরাজ মুখার্জি প্রত্যেকেই মিঠুন চক্রবর্তীর এই সম্মান প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। খরাজ মুখার্জি বলেছেন, “আমি খুবই খুশি। এই সম্মান ওনার অনেক আগেই পাওয়া উচিত ছিল।দাদা সাহেব ফালকে ন্যায্য শিল্পীর হাতে তুলে দেওয়া হচ্ছে। মিঠুনদা যুগ যুগ জিও।”



