নজরবন্দি ব্যুরোঃ ফের উত্তপ্ত উপত্যকা, ড্রোন হামলার পর সস্ত্রীক স্পেশ্যাল পুলিশকে হত্যা জঙ্গিদের। গতকাল প্রথমবার জম্মু বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা ঘটায় জঙ্গিরা। যার জেরে আহত হন ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু জওয়ান। এই ঘটনার মাঝেই এবার বাড়িতে ঢুকে গুলি করে সস্ত্রীক পুলিশ অফিসারকে খুন করল জঙ্গিরা। গতকাল বিমানবন্দরে হানার পরেই জম্মু শহর থেকে খানিক দূরে একটি শপিং মল থেকে দুই সন্ত্রাসবাদীকে হাতেনাতে ধরে পুলিশ।
আরও পড়ুনঃ ‘গগন’চুম্বী সাফল্য ভারতের, সম্পন্ন পারমাণবিক মিসাইল অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ


তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক ও বুলেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মু শহরে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল এই সন্ত্রাসবাদীরা। হাতেনাতে দু’জনকে ধরতে পারায় বড়সড় নাশকতা এড়ানো গিয়েছে। জম্মু বিমানবন্দর বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ। আর গতকাল রাতেই পুলওয়ামা জেলায় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অফিসার ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করে জঙ্গিরা। তাঁর মেয়েও গুলির আঘাতে আহত হয়েছে। নিহত অফিসার অবন্তীপোরার হরিপরিগামের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। রবিবার রাতেই কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে এই খবর জানানো হয়।
ফের উত্তপ্ত উপত্যকা, ড্রোন হামলার পর সস্ত্রীক স্পেশ্যাল পুলিশকে হত্যা জঙ্গিদের। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দেখা হচ্ছে এয়ারপোর্টে হামলার সাথে এই হামলার যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কাশ্মীরের সর্বদল বৈঠক। তারপর থেকেই একের পর এক জঙ্গি আক্রমন ও হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে ভুস্বর্গ।







