পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) ঘিরে রাজনৈতিক বিতর্কের মাঝেই বিষয়টি ফের উঠল সুপ্রিম কোর্টে। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। তাঁর দাবি, অনেক ভোটার বৈধ নথি জমা দিতে চাইলেও নির্বাচন কমিশন তা গ্রহণ করছে না। এই মামলার শুনানি মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে।
সোমবার সুপ্রিম কোর্টে মেনকা গুরুস্বামী জানান, পশ্চিমবঙ্গে এমন বহু ভোটার রয়েছেন যাঁদের নাম আগের ভোটার তালিকায় ছিল, কিন্তু নতুন তালিকা থেকে তা বাদ পড়েছে। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ভোটাররা প্রামাণ্য নথি জমা দিয়ে নিজেদের পরিচয় প্রমাণ করতে চাইলে তা গ্রহণ করা হচ্ছে না।


মেনকা আদালতে বলেন, ভোটাররা প্রয়োজনীয় নথি নিয়ে কমিশনের কাছে গেলেও তা গ্রহণ না করার অভিযোগ সামনে আসছে। এর ফলে বহু বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জানা গিয়েছে, এই মামলার শুনানি মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে হতে পারে। আদালত কী নির্দেশ দেয়, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, বাংলায় ভোটার তালিকার এই নিবিড় পরিমার্জন প্রক্রিয়া ঘিরেই গত কয়েক দিন ধরে সরব রাজ্যের রাজনৈতিক মহল। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে—এই অভিযোগে ধর্মতলায় টানা চার দিন ধরে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নার প্রথম দিনেই মঞ্চে উপস্থিত ছিলেন মেনকা গুরুস্বামী।


তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী দিনে তাঁকে রাজ্যসভায় পাঠানো হবে। সেই প্রেক্ষাপটেই SIR প্রক্রিয়া নিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছেন।
এদিকে একই সময়ে পশ্চিমবঙ্গে রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিদল ১০ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন।
এই রাজনৈতিক উত্তেজনার মাঝেই SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা উঠতে চলায় পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।







