নজরবন্দি ব্যুরোঃ রবিবার টানা ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া৷ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে দীর্ঘ টানাপোড়েনের পর এদিন তাঁকে গ্রেফতার করল সিবিআই৷ যা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হয়নি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল৷
আরও পড়ুনঃ গ্রেফতার কেজরিওয়ালের ডেপুটি, রাজধানী জুড়ে হুলুস্থুল কাণ্ড
এদিন মনীশের গ্রেফতারির পরেই কেজরিওয়াল বলেন, মনীশ নির্দোষ। নোংরা রাজনীতি চলছে৷ মানুষ এর জবাব দেবে। মনীশের গ্রেফতারির পর মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। মানুষ সব দেখছে। সবাই বোঝে। এটা আমাদের আরও সাহস জোগাবে। আমাদের পরিশ্রম আরও জোরালো হবে৷

আপের তরফে এদিন জানানো হল আমরা আগেই জানতাম মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হবে৷ কারণ, সিবিআই কেন্দ্রের কাছে মাথানত করেছে। তদন্তকারী সংস্থা যেভাবে কাজ করতে তা ভীষণ দুঃখের। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মিলবে না৷ আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, একনায়কতন্ত্রের চুড়ান্ত পর্যায় চলছে৷ আপনি এক ভালো মানুষ এবং ভালো শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে মোটেই ভালো কাজ করলেন না মোদিজি। একদিন আপনার একনায়কতন্ত্রের অবসান হবেই৷
গত বছরের জন্মাষ্টমীর দিনে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘন্টা ধরে চলে বিরাট অভিযান। এরপর অগাস্ট মাসে মনীশ সহ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তখন থেকেই একপ্রকার টানা পোড়েন শুরু হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিরোধীরা।
মনীশ সিসোদিয়া নির্দোষ, নোংরা রাজনীতি হচ্ছে, দাবি কেজরিওয়ালের

মনীশ যে গ্রেফতার হবেন, তা আশঙ্কা করেছিলেন আগে থেকেই। ৭ থেকে ৮ মাস জেলে কাটাতে হবে সে কথা আগেই জানিয়েছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, তিনি মনীশ সিসৌদিয়ার পরিবারের দায়িত্ব নেবেন৷ রবিবার সন্ধ্যে গড়াতেই সেটাই ঘটল৷ গ্রেফতার হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।



