সোমবার ভয়াবহ একটি রেল দুর্ঘটনা ঘটে রাজ্যে। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একটি মালগাড়ি। যে ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত বহু। আহতদের দেখতেই সোমবার উত্তরবঙ্গ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সকালেই তিনি কোচবিহারের মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দিলেন। এরপর দেখা করতে যাবেন বিজেপির রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে।
আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত আরও ১, শুরু তদন্ত


লোকসভা নির্বাচনে কোচবিহার থেকেই প্রচার শুরু করেছিলেন মমতা। আর ফলাফল প্রকাশের পর দেখা গেল, নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল। বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়ে দিয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন পুরো সময়টা জুড়ে ছিলেন। ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

তবে, অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিচ্ছে। কী কারণে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করবেন তা অজানা। অনন্তও জানিয়েছেন, “আমি জানি না মুখ্যমন্ত্রী কেন দেখা করতে আসছেন। তবে, প্রথমবার তিনি আমার বাড়িতে আসবেন। আমার ভালো লাগছে।”
মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, দেখা করবেন অনন্ত মহারাজের সঙ্গে



সোমবার রাতে কোচবিহারের সার্কিট হাউসে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল ১২টা নাগাদ যান মদনমোহন মন্দিরে পুজো দিতে। উত্তরবঙ্গে মমতার সঙ্গে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ সন্ধ্যেতেই মমতার কলকাতায় ফেরার কথা রয়েছে।







