নজরবন্দি ব্যুরো: আগামী বছর লোকসভার আগে শেষ একুশে জুলাই। আর প্রতিবারের মতো এবারেও শহিদ দিবসে নামল বৃষ্টি। আর ভিজতে ভিজতেই বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হুঙ্কার দিয়ে বললেন, ‘আমি চ্যালেঞ্জ নেওয়া লোক চব্বিশে বিজেপিকে হারাবোই’।
আরও পড়ুন: একুশের মঞ্চে চাঁদের হাট, গান্ধী জয়ন্তীতে ‘দিল্লি চলো’ ডাক অভিষেকের
দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ২৬টি বিজেপি বিরোধী দলকে নিয়ে গঠিত হয়েছে INDIA, যে জোটের নাম আগে ছিল UPA। এবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে প্রতিটি বাক্যে আক্রমণ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘চব্বিশে বিজেপি সরকারের পতন হবেই। নতুন করে জন্ম হবে INDIA-র। দেশে মেয়েদের ইজ্জত রাখেনি বিজেপি। মণিপুরে মেয়েদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা সমালোচনা করার মতো ভাষা নেই আমার। আর সব ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এই টাকা না দিলে অভিষেক যেমন বলল আগামী ২ অক্টোবর গান্ধীর জন্মদিনে দিল্লি যাব। এই টাকা আদায় করে নিয়ে আসব’।

এদিন যুব নেত্রী সায়নী ঘোষ বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মঞ্চে উপস্থিত হন। নেত্রীকে দেখেই চিৎকারে ফেটে পড়েন উপস্থিত লক্ষ লক্ষ কর্মী সমর্থক। সাময়িকভাবে বক্তব্য বন্ধ রাখতেও বাধ্য হন সায়নী। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর মাইক আসে মমতার হাতে। তিনিই ছিলেন শেষ বক্তা। মমতা এদিন পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য মানুষকে ধন্যবাদ জানান এবং পঞ্চায়েত হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিন জন মাত্র মারা গিয়েছেন। পাশাপাশি, লোকসভা নির্বাচনে জোট সরকার বিজেপিকে হারাতে সক্ষম হবে বলেই দাবি করেন তিনি। শেষে জাতীয় সংগীত গেয়ে প্রতিবারের মতো একুশে জুলাইয়ের সভা শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি চ্যালেঞ্জ নেওয়া লোক চব্বিশে বিজেপিকে হারাবোই, মঞ্চে ভিজতে ভিজতে হুঙ্কার মমতার





