নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার হিঙ্গলগঞ্জে বনদেবীর পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক কর্তাদের কার্যক্রম নিয়ে বিরাট প্রশ্ন তুলে ধরলেন। এমনকি মনের ওপরেই গোঁসা করে বসে পড়লেন তিনি। বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর দেওয়া বস্ত্র না আসা অবধি তিনি বসে থাকবেন।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি ১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি। ৫ হাজার সোয়েটার, ৫ হাজার কম্বল আর ৫ হাজার চাদর। এটা যেন মানুষ ঠিকমতো পায়। যদি না পান আমি নিজেও নজর রাখব। এরপরেই আমলাদের উদ্দেশ্যে প্রশ্ন, কাকে দিয়েছেন? এগুলো কোথায় রেখেছেন? ১৫ হাজার কোথায় রেখেছেন? এরপরেই প্রশ্ন করেন, সেটা কোথায় পরিষ্কার করুন। কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসতে। আমি অপেক্ষা করব এখানে।

এরপরেই তিনি আরো বলেন, জিনিস দিলে যদি ঠিকমতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে। আমরা জানিনা। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি। অথচ আমি জানি না। আমার কোনও দোষ নেই। আমি কত কষ্ট করে তিন দিন ধরে এখানে আসব বলে এই বনদেবীর পুজো উপলক্ষে আমি কম্বল, চাদর, সোয়েটারগুলো কিনে এনেছি। আর এসে দেখছি ভোঁভা।



এরপরেই মুখ্যসচিব সহ অন্যান্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমি তো বলেছি আমরা সরাসরি দেবো। কারোর থ্রুতে দেবো না। বলা হয়েছে শোনেনি কেন? প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে প্রশ্ন, আমি বিডিও অফিসে রাখার জন্য তো পাঠাইনি। মাঝপথে সভা থামিয়ে দিয়ে বলেন, আমি ওই টুকু দেবো বলেই এসেছি। তোমরা যদি না দিতে পারো, তাহলে আমার কোনও প্রয়োজন নেই। যদিও বিডিও, আইসি ও ডিএম ঠিকমতো কাজ না করে, আমি পদক্ষেপ নেবো।
বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, শীতবস্ত্র প্রদান নিয়ে উগরে দিলেন ক্ষোভ

এরপরেই জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমি বলেছিলাম ক্যাম্প করে করে দিতে। কম পড়লে আমি দেখতাম। অন্তত আমার এখান থেকে কিছু দেওয়া হত। এটা আমি পুজো উপলক্ষে এনেছিলাম। তাই আমি আপনাদের বলব। যতক্ষণ অবধি এটা না আসছে আপনারাও বসুন আমিও বসলাম।







