নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েতের ভোট প্রচার শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে প্রথম জনসভা করলেন মমতা। আর সেখান থেকেই ‘মা-বোন’-দের উদ্দেশ্যে বিজেপি দূরীকরণের দাওয়াই দিলেন তিনি। স্থানীয় ভাষা ব্যবহার করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি ভয় দেখাতে আসলে হাতা খুন্তি লইয়া দিবেন খেদাইয়া!’
আরও পড়ুন: বিকাশ ভবন থেকে ‘নিখোঁজ’ নিয়োগ দুর্নীতির ফাইল, পর্ষদের জবাবে স্তম্ভিত সিবিআই!


মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ মূল নিশানায় ছিল সীমান্তরক্ষী বাহিনী। কোচবিহার বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই পরিবারকে মঞ্চে তুলে মুখ্যমন্ত্রী বলেন, “গুলি করে মারাটা যেন বিএসএফের অধিকারে পরিণত হয়েছে। বিজেপি কী ভাবছে? একাই শাসন করবে দেশ? ভোটের সময় বিএসএফ নিয়ে ওরা মানুষকে ভয় দেখাবে। মনে রাখবেন আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। ভয় দেখালেই অভিযোগ জানাবেন। ভয়ে গুটিয়ে থাকবেন না। বিএসএফের গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল”।

পাশাপাশি, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গটিও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে আমাদেরও পুলিশ আছে। মানুষের কাছে মমতা আর্জি করেন, “আমাদের কেউ যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, তাহলে তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বুঝবেন না”।
‘হাতা খুন্তি লইয়া দিবেন খেদাইয়া!’, বিজেপি দূরীকরণের দাওয়াই দিলেন মমতা










