তৃণমূলের কেউ অন্যায় করলে কান মলে দেবেন, গালে থাপ্পড় মারবেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের কেউ অন্যায় করলে কান মলে দেবেন, গালে থাপ্পড় মারবেন। কালনার জনসভা থেকে বললেন মমতা বন্দোপাধ্যায়। এদিন কালনার জনসভা থেকে বিজেপি সহ দলত্যাগীদের ব্যাপক আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের উদ্দেশে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুষ্ট গরুর চেয়ে শূন্য় গোয়াল ভাল। দুর্নীতি ঢাকতে এ দিক ও দিক দৌড়ে বেড়াচ্ছে। গিয়েছে ভাল হয়েছে। আপদ বিপদ হয়েছে।’’

আরও পড়ুনঃ বুদ্ধদেবের আস্থাভাজন IPS হুমায়ুন যোগে শক্তিবৃদ্ধি তৃণমূলের!

উল্লেখ্য, ২০১৪ সালের ‘টেট কেলেঙ্কারির নায়ক’ বিশ্বজিৎ কুণ্ডু সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে। তিনি কালনার বিধায়ক। সেই কালনায় দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘কেউ কেউ দেখবেন, ছেড়ে চলে যাচ্ছে। দুর্নীতি ধামাচাপা দিতে অন্য দলে যোগ দিচ্ছে। কারণ জানে, আমি টিকিট দেব না।’’ মমতার প্রশ্ন, ‘‘কেন দেব? সারা বছর মানুষের পাশে থাকবে না। শুধু নিজের আর পরিবারের কথা ভাববে, তাঁকে কেন টিকিট দেব?’’ এরপরেই মমতা বলেন, “তৃণমূলের কেউ অন্যায় করলে আমাকে বলবেন, আমি কান মলে দেব। নয়তো গালে দু’টো থাপ্পড় মারব।”

বিজেপি নির্বাচনে ব্যাপক টাকা ছড়াতে পারে এই আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দোপাধ্যায় বলেন,, ‘‘ভোটের সময় অনেকেই এসে অনেক প্রতিশ্রুতি দেবে। টাকা দেবে। দিলে টাকা নিয়ে নেবেন। কিন্তু ভোটটা দেবেন তৃণমূলে। কারণ ওই টাকা ওদের নয়। আপনার-আমার মতো সাধারণ মানুষের টাকা।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুরোন প্রসঙ্গ টেনে এনে (২০১৪ সালের লোকসভা ভোটের আগে কালো টাকা উদ্ধার করে আম জনতার অ্যাকাউন্টে সেই টাকা দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।) মমতা বলেন, ‘‘বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে, দিয়েছে? পেয়েছেন? এ বারও আসবে। অনেক প্রতিশ্রুতি দেবে। কিন্তু সে সবে কান দেবেন না।’’

বিজেপি-র রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সব বহিরাগত। একটা গাড়ি নিয়ে এসেছে। গাড়ি তো নয়, ওর মধ্যে হোটেল। এর পর একটা বাড়িতে গিয়ে খাবে। ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে খাচ্ছে, আর বলছে, ছবি তুলুন। আপনারা পুকুরের জল খাবেন, টিউবওয়েলের জল খাবেন, আর ওরা হিমালয়ান ওয়াটার খাবে। যা ছিল বাম, তাই হয়েছে রাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন