সুপ্রিম কোর্টে ইতিহাস গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী সোমবার এসআইআর মামলার পরবর্তী শুনানি।
মুখ্যমন্ত্রীর আইনজীবীর বিস্তারিত সওয়াল
⏰ Time stamp: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২২
মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আর মাত্র ১১ দিন বাকি, অথচ শুনানি শেষ করার জন্য হাতে রয়েছে মাত্র ৪ দিন। তিনি জানান, ৩২ লক্ষ ভোটারকে ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ১.৩৬ কোটি ভোটার, অর্থাৎ প্রায় ২০ শতাংশ মানুষ এই প্রক্রিয়ায় প্রভাবিত হয়েছেন।
১৬ ডিসেম্বর ২০২৫ থেকে এখনও পর্যন্ত ৮৮ লক্ষ মানুষের শুনানি হয়েছে, প্রতিদিন গড়ে ১.৮ লক্ষ শুনানি হয়েছে। কিন্তু এখনও ৬৩ লক্ষ মানুষের শুনানি বাকি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে প্রতিদিন ১৫.৫ লক্ষ শুনানি করতে হবে, যা বাস্তবে অসম্ভব বলেই দাবি করেন তিনি। পাশাপাশি তাঁর বক্তব্য, ৮৩০০ জন মাইক্রো অবজ়ারভার নিয়োগ করা হয়েছে, যার কোনও আইনি ভিত্তি নেই। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারপঞ্জী, আধার কার্ড বা ওবিসি শংসাপত্র আলাদা ভাবে গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০৪
শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানায়, রাজ্য সরকার যেন এমন অফিসারদের তালিকা দেয়, যাঁরা বাংলা ভাষা বোঝেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়, নামের ছোটখাটো ভুলের জন্য যেন কোনও ভোটারকে বাদ না দেওয়া হয়। আদালত আরও জানায়, শুনানির নোটিস দেওয়ার সময় কমিশনকে আরও সতর্ক হতে হবে। পরবর্তী শুনানি হবে সোমবার।
এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া সওয়াল
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০২
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য ব্যবহার করা হচ্ছে। বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়িতে গেলে তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। গরিব মানুষ বাড়ি বদলালেই নাম কাটা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃত ভাবে নিশানা করা হয়েছে। যা করতে সাধারণত দু’বছর সময় লাগে, তা দু’মাসে শেষ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, তিনি কোনও দলের হয়ে নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছেন।
‘গণতন্ত্রকে রক্ষা করুন’—আদালতে আর্জি মমতার
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০১
প্রধান বিচারপতির উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়ে বলেন, “গণতন্ত্রকে রক্ষা করুন।” মুখ্যমন্ত্রীর মামলায় নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। নোটিস জারির পর মমতা বলেন, “আমি খুবই ধন্য হয়েছি। মানুষের অধিকার রক্ষা করুন।” শুনানি শেষ হওয়ার পরে এজলাস উঠে যায় এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।


পরবর্তী শুনানির দিন জানাল শীর্ষ আদালত
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৫৭
শীর্ষ আদালত জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার, ৯ ফেব্রুয়ারি।
রোল পর্যবেক্ষক নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩৫
শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইআরও-দের কোনও ক্ষমতা নেই। রোল পর্যবেক্ষক বিজেপি-শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। তাঁর অভিযোগ, প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যাঁদের অনেকেই এখনও জীবিত। মুখ্যমন্ত্রী আরও বলেন, মাইক্রো অবজারভাররা নিজেরাই ভোটারদের নাম মুছে দিচ্ছেন। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “আমরা এই বিষয়ে নির্দেশ দেব।”

আধার মামলার প্রসঙ্গ টানলেন প্রধান বিচারপতি
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩৪
মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই শুনানি সম্পন্ন করেছে এবং সেই মামলার রায় ঘোষণা এখন বাকি রয়েছে।
বাংলাকে লক্ষ্য করেই ব্যবস্থা নেওয়া হয়েছে: মমতা
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩৩
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আধার কার্ড গ্রহণ করার কথা থাকলেও তা মানা হয়নি, বরং অন্য নথি চাওয়া হয়েছে। তাঁর দাবি, ১০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন তবু তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিকল্পিত ভাবে বাংলাকেই টার্গেট করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “অসমে কেন এমন করা হয়নি?”
শীর্ষ আদালতে সরাসরি সওয়াল মুখ্যমন্ত্রীর
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩০
শুনানির সময় মুখ্যমন্ত্রী বলেন, তাঁর কাছে কয়েকটি ছবি রয়েছে, যেগুলি সংবাদমাধ্যমে প্রকাশিত এবং সেগুলি দেখানোর অনুমতি চান তিনি। একই সঙ্গে আদালতে সাবমিশন করার সুযোগ চেয়ে বলেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে।

৫ মিনিটের জায়গায় ১৫ মিনিট সময় দিল আদালত
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২২
মুখ্যমন্ত্রী প্রথমে পাঁচ মিনিট কথা বলার অনুমতি চাইলে প্রধান বিচারপতি বলেন, “পাঁচ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন।” তবে তিনি স্পষ্ট করেন, পশ্চিমবঙ্গ সরকারের মামলায় ইতিমধ্যেই অভিজ্ঞ আইনজীবীরা সওয়াল করছেন এবং কপিল সিব্বল আদালতে উপস্থিত রয়েছেন।
মুখ্যমন্ত্রীকে থামিয়ে দিলেন প্রধান বিচারপতি
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২১
বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীকে থামিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, “দুঃখিত ম্যাডাম, আপনাকে বিরক্ত করতে হচ্ছে।” এ সময় আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে যায়।
বক্তব্য রাখার অনুমতি পেলেন মুখ্যমন্ত্রী
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১৮
শুনানির মাঝেই বক্তব্য রাখার অনুমতি চান মুখ্যমন্ত্রী। তাঁর আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতি বক্তব্য রাখার অনুমতি দেন।
সামনের সারিতে দাঁড়িয়ে শুনানি দেখছেন মুখ্যমন্ত্রী
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১০
শুনানি চলাকালীন আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান।
ডেরেকের মামলার সঙ্গেই শোনা হচ্ছে মুখ্যমন্ত্রীর মামলা
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৫
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের দায়ের করা এসআইআর মামলার সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি করছে প্রধান বিচারপতির বেঞ্চ।
নতুন মামলার কথা জানালেন প্রধান বিচারপতি
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০১
দৃষ্টি আকর্ষণের পর প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট বিষয়ে কি নতুন মামলা দায়ের হয়েছে? আইনজীবীরা জানান, তালিকার ৩৬ ও ৩৭ নম্বরে নতুন মামলা রয়েছে। এর পরেই প্রধান বিচারপতি জানান, সেই মামলাগুলিরও শুনানি হবে।
অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৮
পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি অগ্রাধিকারের ভিত্তিতে করার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। অন্য মামলার শুনানি চলাকালীনই এই আবেদন জানানো হয়।
শুনানিক্রমে বদল, সরানো হল মুখ্যমন্ত্রীর মামলা
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৭
সকাল সাড়ে ১০টায় প্রকাশিত শুনানিক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর সংক্রান্ত মামলাটি ৩৭ নম্বরে ছিল এবং অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। তবে প্রধান বিচারপতির এজলাস বসার পরে প্রকাশিত নতুন শুনানিক্রমে সেই মামলাটি অগ্রাধিকার তালিকা থেকে বাদ পড়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে প্রধান বিচারপতির এজলাসে তালিকার ৮ নম্বর মামলার শুনানি চলছে। মুখ্যমন্ত্রীর মামলাটি আজ উঠবে কি না এবং উঠলে কখন, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি।
প্রাথমিক শুনানিক্রমে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মামলা
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩২
প্রাথমিক ভাবে প্রধান বিচারপতির এজলাসে আজকের শুনানিক্রমে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার উল্লেখ নেই। সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়েছে, আপাতত ১ থেকে ৫ নম্বর মামলা পর্যন্ত শুনানি হবে। তার পরে সরাসরি তালিকার ৩৫ নম্বর মামলাটি নেওয়া হবে।
এর পর পর্যায়ক্রমে ৬ থেকে ১৬ নম্বর মামলা, তার পরে ৪০ ও ৪১ নম্বর মামলার শুনানির কথা রয়েছে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলা মূল তালিকায় রয়েছে ২১ নম্বরে। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটি রয়েছে তালিকার ৩৭ নম্বরে।
উল্লেখযোগ্য ভাবে, সকালে সাড়ে ১০টায় আদালত বসার আগে শুনানিক্রমে ৩৭ নম্বর মামলাটি থাকলেও, বর্তমান আপডেটেড ক্রমে তা নেই। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, মামলাটি শুনানির তালিকায় রয়েছে এবং আজই শুনানির জন্য উঠবে। এই মুহূর্তে প্রধান বিচারপতির এজলাসে তালিকার ৩ নম্বর মামলার শুনানি চলছে।

ভার্চুয়াল শুনানিতে রেকর্ড ভিড়
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০০
প্রধান বিচারপতির এজলাসে ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন অস্বাভাবিক সংখ্যক মানুষ। নির্ধারিত সীমার তুলনায় অনেক বেশি আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলাকে ঘিরেই এই বিপুল আগ্রহ। ইতিমধ্যেই এক হাজারেরও বেশি মানুষ ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছেন।
প্রধান বিচারপতির এজলাস বসল
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪১
প্রধান বিচারপতির এজলাস বসেছে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, এজলাস বসার পরে পূর্ব নির্ধারিত কয়েকটি মামলার শুনানি নেওয়া হবে। তার পরেই নেওয়া হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর সংক্রান্ত মামলা।
প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীরা
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৮
প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়েছেন আইনজীবীরা। কিছু ক্ষণের মধ্যেই এই এজলাসে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি শুরু হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টে ঢুকলেন মুখ্যমন্ত্রী
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৯
সুপ্রিম কোর্টে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন অন্যান্য আইনজীবীরা। এসআইআর সংক্রান্ত মামলায় তিনি নিজেই সওয়াল করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এ দিন তাঁর পরনে আইনজীবীদের নির্দিষ্ট কালো গাউন বা শামলা নেই, তবে গলায় রয়েছে একটি কালো চাদর।

রাজ্যের নথি গ্রহণ করতে নির্দেশ দেওয়ার আর্জি
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২০
মুখ্যমন্ত্রীর আবেদন, শুনানির পরে যাচাইপ্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। একই সঙ্গে, অন্য রাজ্যের নথি যাচাইয়ে যেখানে পাঁচ দিনের বেশি সময় লাগছে, সে ক্ষেত্রে স্থানীয় ইআরও-দের নিষ্পত্তির অনুমতি দেওয়ার আর্জিও জানান তিনি।
মাইক্রো অবজ়ারভার প্রত্যাহারের দাবি
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৫
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর আবেদন, পশ্চিমবঙ্গ থেকে সমস্ত মাইক্রো অবজ়ারভার প্রত্যাহার করা হোক। পাশাপাশি তাঁদের যেন কোনও আইনি ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়—বিশেষ করে শুনানিতে অংশগ্রহণ বা যাচাইপ্রক্রিয়ায় হস্তক্ষেপের ক্ষেত্রে।
ফর্ম-৭ নিয়ে মুখ্যমন্ত্রীর আবেদন
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১২
যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়েছে, তাঁদের নাম অনলাইনে প্রকাশ করার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভবিষ্যতে গণহারে ফর্ম-৭ জমা দেওয়া বন্ধ করার নির্দেশ চাওয়া হয়েছে। ফর্ম-৭ জমাকারীদের শুনানির সময় সশরীরে উপস্থিত থাকার আর্জিও জানান মুখ্যমন্ত্রী।
সুপ্রিম কোর্টে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১০
দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের সরকারি বাংলো থেকে বেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আর্জি
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০১
তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে অন্য নথির উপর জোর না দিয়ে আধার কার্ডকেই পরিচয়পত্র হিসাবে গ্রহণ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভোটার তালিকা থেকে নাম বাদ না দেওয়ার আবেদন
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫৮
তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপ্যান্সি হিসাবে চিহ্নিত কোনও ভোটারের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়—এই আর্জি জানিয়েছেন মমতা। বিশেষত যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপড এবং প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন।
বানান বিভ্রাটে শুনানি নয়, সংশোধনের আবেদন
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫৫
নাম বা নামের বানানে অমিলজনিত তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে শুনানি না-ডেকে উপযুক্ত নথির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত সংশোধনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই ধরনের শুনানির নোটিস প্রত্যাহারেরও আর্জি জানান তিনি।
২০২৫ সালের ভোটার তালিকায় নির্বাচন চাওয়া
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫৩
নিজের মামলায় মুখ্যমন্ত্রীর দাবি, ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ীই পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক।
শুনানি তালিকায় ৩৭ নম্বরে মমতার মামলা
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৩
তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের মামলাগুলি রয়েছে শুনানি তালিকার ২১ নম্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা রয়েছে অতিরিক্ত তালিকার ৩৭ নম্বরে।
কখন শুনানি হতে পারে
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪২
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, পশ্চিমবঙ্গের এসআইআর মামলা বেলা ১১টা নাগাদ শুনানির জন্য উঠতে পারে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪০
ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আইনজীবী অবতারে মুখ্যমন্ত্রী
⏰ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৭
আইন সংক্রান্ত পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর দাবি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নামে সুপ্রিম কোর্টের গেট পাস ইস্যু করা হয়েছে। শুনানিতে তাঁর উপস্থিতি নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তিনি নিজে সওয়ালও করতে পারেন।







